২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে নেই আশরাফুল, নতুন মুখ শুভ

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দলে নেই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন পেস বোলার মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দলে নেই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন পেস বোলার মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৩ জনের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। এছাড়া আগের দল থেকে বাদ পড়েছেন পেসার সাহাদাত হোসেন, নাজমুল হোসেন ও ব্যাটসম্যান রকিবুল হাসান। প্রধান নির্বাচক রফিকুল আলম সাংবাদিকদের বলেন, আশরাফুল নিজেই বিশ্রামে থাকতে চেয়েছেন। তিনি বলেন, "আশরাফুল জানিয়েছেন তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আমরাও মনে করি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন দূরে সরে থাকলে তার জন্য উপকার হবে।" সে অচিরেই দলে ফিরবেন এবং নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন বলে প্রধান নির্বাচক জানান। নিউজিল্যান্ড সফরের সময় কোচ জেমি সিডন্স আশরাফুলের তীব্র সমালোচনা করেন। সে সময় তিনি ইঙ্গিত দেন যে তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধৈর্য্য শেষ পর্যায়ে চলে এসেছে। সিডন্স বলেন, "দেশে ফেরার পর আমরা তাকে নিয়ে নতুন করে ভেবে দেখতে পারি।" সোহরাওয়ার্দী শুভকে দলে নেয়া প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ব্যাট ও বল হাতে সে যথেষ্ঠ ভালো খেলোয়াড়। সামর্থ্যও আছে তার যথেষ্ঠ। ধাপে ধাপে সে বেশ উন্নতি করেছে। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলাটি হবে ২৮ ফেব্র"য়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর ২টায়। দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহঅধিনায়ক/উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩০ ঘ.