২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ৫০ ওভার ব্যাট করতে চান টেন্ডুলকার

শচীন রমেশ টেন্ডুলকার, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০ বছরেরও বেশি সময় ধরে। রেকর্ড ভাঙ্গছেন, আর রেকর্ড গড়ে চলেছেন একের পর এক। একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক হাঁকানোর পর বললেন, পুরো পঞ্চাশ ওভার ব্যাট করার সামর্থ্য তার 'ফিটনেস'রই প্রমাণ ছাড়া আর অন্য কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

গোয়ালিয়র, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন রমেশ টেন্ডুলকার, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০ বছরেরও বেশি সময় ধরে। রেকর্ড ভাঙ্গছেন, আর রেকর্ড গড়ে চলেছেন একের পর এক। একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক হাঁকানোর পর বললেন, পুরো পঞ্চাশ ওভার ব্যাট করার সামর্থ্য তার 'ফিটনেস'রই প্রমাণ ছাড়া আর অন্য কিছু নয়। দ্বি-শতক হাঁকানোর পথে একদিনের ক্রিকেটে পাকিস্তানের সাঈদ আনোয়ার ও জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির সর্বোচ্চ রানের ইনিংস টপকে যান টেন্ডুলকার। দু'জনই করেছিলেন ১৯৪ রান। সাঈদ আনোয়ার ভারতের বিপক্ষে। আর বাংলাদেশের বিপক্ষে কভেন্ট্রি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-০ তে এগিয়ে যাওয়ার পর টেন্ডুলকার বললেন, "পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার ফিটনেসেরও একটি ভালো পরীক্ষা হলো এর মধ্য দিয়ে।" তিনি তার ক্রিকেট জীবনে আবারো পুরো পঞ্চাশ ওভার ব্যাট করার ইচ্ছার কথা জানিয়ে বলেন, "আমি দেখতে চাই, আমার ফিটনেস কমে যায়নি।" নিজের খেলা সম্পর্কে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন, "বল ব্যাটে আসছিল, আমিও মারছিলাম বেশ ভালো। সবকিছুই মন মতো ঘটছিল বলে আমার বেশ ভালো লাগছিল। 'টাইমিং' হচ্ছিল চমৎকার। তাই আরো আক্রমণাত্মক হয়ে উঠি। চাপে ফেলার চেষ্টা করি প্রতিপক্ষের বোলারদের।" টেন্ডুলকার তার দ্বি-শতকটি উৎসর্গ করেন ভারতের জনগণের প্রতি। এছাড়া একদিন ও টেস্ট, উভয় ধরনের ক্রিকেটে দলের সাফল্যের জন্য সব কৃতিত্ব দেন কোচ গ্যারি কার্স্টেনকে। লিটল মাস্টার বলেন, "সব কৃতিত্বই গ্যারি কার্স্টেনের। পুরো দলকেই তিনি এক সূতায় গেঁথেছেন, চমৎকারভাবে। আক্ষরিক অর্থেই আমরা খেলছি একে অন্যের জন্য।" সাঈদ আনোয়ার ও কভেন্ট্রির রেকর্ড ভাঙ্গার কথা মনে আসে তার তখনই, যখন তিনি ১৭৫ পেরিয়ে যান ৪২তম ওভারে। অবশেষে ৪৬তম ওভারে টেন্ডুলকার টপকে যান দু'জনকেই। আর ২০০ রানে পৌঁছান ৫০তম ওভারে। তার ভাষায়, "১৭৫ থেকে ১৮০-এর মধ্যে পৌঁছার পর ভাবতে থাকি ২০০ রান আমি করতে পারবো। কেননা তখনও বাকি ছিল কয়েক ওভার।" "রেকর্ডের জন্য আমি কখনো খেলি না,"বললেন টেন্ডুলকার, "আমি খেলি আমার মনের আনন্দের জন্য। সব রেকর্ড ভাঙ্গার জন্য ক্রিকেট খেলা শুরু করিনি। কিন্তু খেলতে খেলতে ভেঙ্গে যাচ্ছে রেকর্ডগুলো। আসলে আমার একটাই স্বপ্ন ভারতের জন্য সেরা খেলাটা খেলে যাওয়া।" তিনি তার রেকর্ড সম্পর্কে বলেন, "আমি মনে করি সব রেকর্ডই ভাঙ্গা সম্ভব। আসলে রেকর্ড গড়াই হয় ভাঙ্গার জন্য। তবে আমি চাই কোনো ভারতীয়ই যেন আমার এই রেকর্ডটি ভাঙ্গেন।" একদিনের ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ (৪০১) রানের রেকর্ড সম্পর্কে বিশ্বসেরা ব্যাটসম্যানদের অন্যতম টেন্ডুলকার মনে করেন ইউসুফ পাঠান ও মহেন্দ্র সিং ধোনি বড় কয়েকটি শট না নিলে চার শ' রান টপকানো সম্ভব হতো না। তার ভাষায়, "আমি ভেবেছিলাম ৩৪০ থেকে ৩৫০-ই ভালো স্কোর। কিন্তু ইউসুফ পাঠান ও ধোনি মাঠে নেমেই বড় শট নিতে লাগলেন। দড়ির ওপারে বল পাঠাতে লাগলেন কিছুক্ষণ পরপর। এর ফলেই আমরা চার শ'র কোঠা পেরিয়ে যাই।" ৪০১ রান করার পরও ভারতীয় খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে ছিল না। খেলায় কোনো ঢিলেমিও দেয়নি বলে টেন্ডুলকার জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, "আমরা জানতাম দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল, যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রান তাড়া করে জিতেছে।" টেন্ডুলকার যখন রেকর্ড ভাঙ্গেন, তখন অপর প্রান্তে ব্যাট করছিলেন অধিনায়ক ধোনি। মাস্টার ব্যাটসম্যানের ইনিংসটি সম্পর্কে তিনি বলেন, "আমি মনে করি এটি সেরা ইনিংসগুলোর একটি। অপর প্রান্তে দাঁড়িয়ে তাকে ২০০ রান করতে দেখে কার না ভালো লাগবে, আমারো লেগেছে।" এরপর টেন্ডুলকারের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, "ব্যাট করতে করতে ক্লান্ত হয়ে পড়ার পর যখন সে বড় শট নিতে পারছিল না, তখন বলের গতিকে ব্যবহার করা শুরু করে সে অত্যন্ত চতুরতার সঙ্গে। এ অবস্থায় বোলাররা বিপাকে পড়ে যান, ভেবে পান না কোথায় বল ফেলবেন।" গ্রায়েম স্মিথের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যক ক্যালিস। টেন্ডুলকারের ইনিংসের প্রশংসা করলেন তিনিও, "চমৎকার একটি ইনিংস খেলেছেন শচীন। কন্ডিশনের সুবিধাও আদায় করে নিয়েছেন বেশ ভালোভাবেই।" নিজেদের সমালোচনা করতেও ছাড়েননি তিনি, "গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। আসলে আমাদের বেসিকই আমাদের ডুবিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০৮ ঘ.