২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে আছে চট্টগ্রাম ও রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে প্রথম ইনিংস শেষে এগিয়ে আছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। দ্বিতীয়দিন শেষে চট্টগ্রামের প্রথম ইনিংসের ৩১২ রানের জবাবে মেহরাব হোসেনের শতকের পরও ২৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ফলে ৭৩ রানে এগিয়ে যায় চট্টগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 03:37 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে প্রথম ইনিংস শেষে এগিয়ে আছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। দ্বিতীয়দিন শেষে চট্টগ্রামের প্রথম ইনিংসের ৩১২ রানের জবাবে মেহরাব হোসেনের শতকের পরও ২৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ফলে ৭৩ রানে এগিয়ে যায় চট্টগ্রাম। অপর ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫০ রান করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীর প্রথম ইনিংসের (২৬৯/৯ ডিক্লে.) জবাবে ২৪৩ রান করে খুলনা বিভাগ। ফলে দিন শেষে ৭৬ রানে এগিয়ে আছে রাজশাহী। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ৮ উইকেটে ২৯৮ রান নিয়ে চট্টগ্রাম দ্বিতীয়দিনের খেলা শুরু করে। কিন্তু ১৪ রান যোগ করেই অল-আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮১ রান করেন আরমান । এছাড়া গাজী সালাউদ্দিন ৭২ ও কামরুল করেন ৪৫। তালহা জুবায়ের ৫২ রানে চার উইকেট নেন। দু'টি করে উইকেট নেন মোশাররফ হোসেন ও মোহাম্মদ শরীফ। জবাবে মেহরাব হোসেনের শতক ও মোহাম্মদ শরীফের অর্ধশতকের পরও ২৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস। এক পর্যায়ে ৩৭ রানেই চার ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো খাদে পড়ে যায় তারা। এ অবস্থায় হাল ধরে দলকে টেনে তোলেন মেহরাব ও শরীফ। মেহরাব ১০১ রান করেন। শরীফ করেন ৫০। ইকবাল হোসেন ৫৯ রানে দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন কামরুল, মামুন, মোমিন ও ফয়সাল। বিকেএসপিতে বিনা উইকেটে ১১ রান নিয়ে খুলনা দ্বিতীয়দিনের খেলা শুরু করে। কিন্তু দলের সঙ্গে আরো ৩৫ রান করতেই ৫ উইকেট হারিয়ে বসে। তবে নাজিমুদ্দিন রিপন ও অধিনায়ক সগীর হোসেনের ব্যাটিংয়ের ওপর ভর করে ২৪৩ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান আসে রিপনের ব্যাট থেকে। এছাড়া সগীর ৪১ ও সৈয়দ রাসেল ৩৩ রান করেন। মোহাম্মদ শাহজাদা ৬২ রানে ছয় উইকেট নেন। শুভাশিষ রায় দুই উইকেট নেন ৩০ রান দিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জহিরুলের অপরাজিত ৪২ রানের সুবাদে দিন শেষে ১ উইকেটে ৫০ রান করে রাজশাহী। অন্য অপরাজিত ব্যাটসম্যান সাকলায়েন সজিব এখনো হিসেবের খাতা খোলেননি। রাজশাহীর একমাত্র উইকেটটি নেন সৈয়দ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২১২১ ঘ.