ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের নতুন ম্যানেজার খুঁজতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান ম্যানেজার শফিকুল হক হীরার সঙ্গে নতুন করে চুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক পরিচালক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় দলের বর্তমান ম্যানেজারের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে না। মঙ্গলবার পরিচালনা পরিষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।"
জাতীয় দলের ম্যানেজার হিসেবে শফিকুল হক হীরার মেয়াদ শেষ হবে আগামী ৩১ মার্চ। বোলিং কোচ চম্পকা রমানায়েকের সঙ্গেও বিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ মার্চ।
বিসিবির সভায় বোলিং কোচকে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে রমানায়েকের সঙ্গে আলোচনা করা হবে।
মঙ্গলবারের সভায় নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মূল্যায়ন, বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ দলের ব্যর্থতা এবং ঢাকায় এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের সাফল্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
আলোচনা হতে পারে সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও। তাকে সাময়িকভাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার চিন্তাভাবনা করছে নির্বাহী কমিটি।
এছাড়া বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে সভায়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে শুরু হওয়ার কথা বেলা সাড়ে ১১টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৩ ঘ.
bdnews24