২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচ মঙ্গলবার, বিশ্রামে ইংল্যান্ডের খেলোয়াড়রা

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দু'টি ২০ ওভারের ম্যাচ খেলে ঢাকায় পাড়ি জমায় ইংল্যান্ড। খেলার মধ্যে থাকায় হয়তো একদিনের বিশ্রাম খুব দরকার মনে করেই সোমবার হোটেলের গন্ডি পেরোননি ইংল্যান্ডের ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 04:35 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দু'টি ২০ ওভারের ম্যাচ খেলে ঢাকায় পাড়ি জমায় ইংল্যান্ড। খেলার মধ্যে থাকায় হয়তো একদিনের বিশ্রাম খুব দরকার মনে করেই সোমবার হোটেলের গন্ডি পেরোননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাই বলে নরম বিছানায় গা এলিয়ে দিনটি মাটি করেননি। কেউ সাঁতার কেটেছেন, কেউ বা জিমনেসিয়ামে সময় দিয়েছেন। অনেকে আবার শরীর মালিশ করিয়েছেন। কারণ মঙ্গলবার সকাল থেকেই ক্রিকেট মাঠে দৌড়-ঝাঁপ করতে হবে অ্যালিস্টার কুকদের। প্রীতি ম্যাচের আগে খানিকটা সময়ের এই বিশ্রাম হয়তো চাঙ্গা করে তুলবে ইংলিশ ক্রিকেটারদের। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই প্রীতি ম্যাচের দিকে বাড়তি মনোযোগ থাকবে ইংলিশদের। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল নয়টায় বিসিবি একাদশের বিপক্ষে খেলবে সফরকারীরা। প্রস্তুতি ম্যাচের জন্য ইংল্যান্ড একাদশ ঘোষণা না করলেও বোঝাই যাচ্ছে একদিনের সিরিজের জন্য সম্ভবত যারা খেলবেন তাদেরই খেলানো হতে পারে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্রেইগ কিজওয়েটারকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না। কারণ অনেক তোড়জোড় করেই তাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। তবে প্রীতি ম্যাচে বাংলাদেশ তারকা খেলোয়াড়দের খুব একটা দেখা যাবে না। নিউজিল্যান্ড সফর শেষে সদ্য দেশে ফেরা বাংলাদেশের ক্রিকেটারদের বেশিরভাগকেই বিশ্রাম রাখা হয়েছে। কেবল নাঈম ইসলাম আর রকিবুল হাসানকে নেয়া হয়েছে বিসিবি একাদশে। দলের নেতৃত্ব দেবেন শাহরিয়ার নাফিস। বিসিবি একাদশ: শাহরিয়ার নাফিস (অধিনায়ক), ইমতিয়াজ হোসেন, নাসির উদ্দিন ফারুক, রকিবুল হোসেন, শাহীন হোসেন, নাঈম ইসলাম, মাহমুদুল হাসান, শাফাক আল জাবির, তানভির হায়দার, আরিফুল হক, আলাউদ্দিন বাবু, তাপশ বৈশ্য, শামসুর রাহমান ও মোহাম্মদ শরিফুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২৯ ঘ.