ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলতে রোববার বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঢাকায় এসে পৌঁছাতে পারে সফরকারী দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ ফেব্র"য়ারি একদিনের প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক সফর শুরু করবে ইংল্যান্ড। একই মাঠে একদিনের দ্বিতীয় ম্যাচ হবে ২ মার্চ। এরপর তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি হবে ৫ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি হবে চট্টগ্রামে। ১২ মার্চ মাঠে গড়াবে খেলা। দ্বিতীয় টেস্ট হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ মার্চ থেকে।
প্রায় এক মাসের সফরে ওয়ানডে ও টেস্টের জন্য পৃথক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন- অ্যালিস্টার কুক (অধিনায়ক), টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, জো ডেনলি, ইয়ন মর্গান, ম্যাথু প্রায়র, কেভিন পিটারসেন, লিয়াম প্লানকেট, রায়ান সাইডবটম, আজমল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লিউক রাইট ও ক্রেগ কিসওয়েটার।
টেস্ট স্কোয়াড- অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, মাইকেল কারবেরি, পল কলিংউড, স্টিভেন ডেভিস, গ্রাহাম অনিয়নস, কেভিন পিটারসেন, লিয়াম প্লানকেট, ম্যাথু প্রায়র, আজমল শাহজাদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লিউক রাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/১৯২৫ ঘ.
bdnews24