মেলবোর্ন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হার মানতে হয়েছে পঞ্চম একদিনের ম্যাচেও। জেতার জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ১৯৯ রানে। তখনো খেলার বাকি ছিল ১৩ ওভার ১ বল।
প্রথমে ব্যাট করে শেন ওয়াটসন, অধিনায়ক রিকি পন্টিং ও জেমস হোপসের অর্ধ-শতকের ওপর ভর করে অস্ট্রেলিয়া করে ৩২৪ রান, ৫ উইকেটে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানের মধ্যে অধিনায়ক ক্রিস গেইল (১৪), ট্রাভিস ডাওলিন (০), নরসিং দেওনারিন (৪) ও ওয়্যাভেল হাইন্ডসের (৫) উইকেট হারালে পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
কিয়েরন পোলার্ড ৫১ বলে ৪৫, লেন্ডল সিমন্স ৪৪ বলে ২৯ ও ডারেন সামি ৪১ বলে অপরাজিত ৪৭ রান করেন। তারপরও পথ খুঁজে পায়নি ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ৩৬ ওভার ৫ বলেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩ উইকেট নেন ডোগ বোলিঙ্গার, ৩৩ রানে। এছাড়া দু'টি করে উইকেট নিয়েছেন রায়ান হ্যারিস ও স্টিভ স্মিথ। এজন্য হ্যারিস খরচ করেন ২৬ রান। স্মিথ দেন ৭৮।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তার দলের ব্যাটসম্যানরা। মেরে খেলে কম-বেশি রান করেন সবাই। এর মধ্যে শেন ওয়াটসন ৫১ বলে ৫১ ও পন্টিং ৬১ রান করেন ৫৫ বলে।
ইনিংসের শেষের দিকে রীতিমতো ঝড় তোলেন এসি ভোগস ও জেমস হোপস। মাত্র ২৬ বলে হোপস অপরাজিত ৫৭ ও ভোগস ৩৬ বলে অপরাজিত ৪৫ রান করলে অস্ট্রেলিয়ার রান তিন শ' ছাড়িয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন রবি রামপল ও পোলার্ড। এজন্য রামপল খরচ করেন ৬৮। পোলার্ড দেন ৫৯।
সিরিজ সেরা হয়েছেন রিকি পন্টিং। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হোপস।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৪৭ ঘ.
bdnews24