ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিভাগের বিপক্ষে নাটকীয়ভাবে ২৫ রানে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ, একদিন বাকি থাকতেই। দিনের অপর খেলায় খুলনা বিভাগের বেঁধে দেয়া ৪৫৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ঢাকা ৪ উইকেটে ১৪১ রান তুলেছে। জিতলে হলে ৬ উইকেটে আরো ৩১৮ রান করতে হবে ঢাকা বিভাগকে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফয়সাল হোসেনের শতকের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ২৫০ রান করে চট্টগ্রাম। আউট হওয়ার আগে ফয়সাল ঠিক ১০০ রান করেন।
শুভাশীষ রায় ও সাকলায়েন সজিব ৩টি করে উইকেট নেন। এছাড়া নাসির হোসেন নেন ২ উইকেট।
জেতার জন্য ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইলিয়াস সানির দুর্দান্ত বোলিংয়ের মুখে রাজশাহীর ইনিংস গুটিয়ে যায় ১৬৫ রানে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন জহুরুল ইসলাম।
ইলিয়াস সানি ৪৭ রানে ৬ উইকেট নেন। এছাড়া ফয়সাল হোসেন ১৯ রান দিয়ে উইকেট নেন দু'টি।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খুলনা দ্বিতীয় ইনিংসে ৩২৫ রান করে। অমিত মজুমদার (৬৮) ও মিথুন (৬২) অর্ধশতক করেন। নাজমুল ইসলাম ও রনি তালুকদার ৩টি করে উইকেট নেন। ফলে ঢাকার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৫৯ রান।
মার্শাল আইয়ুব (৫৭) ও শুভগত চৌধুরির (৫২) অর্ধশতকের সুবাদে তৃতীয়দিন শেষে ১৪১ রান তোলে ঢাকা বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০৮ ঘ.
bdnews24