কলকাতা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাশিম আমলার দৃঢ় ব্যাটিংয়ের ওপর ভর করে ম্যাচ বাঁচাতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটের অনুপযোগী আবহাওয়া, বৃষ্টি ও আলোর স্বল্পোতা। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে রান তুলেছে ১১৫, তিন উইকেটে। ভারতের চেয়ে এখনো পিছিয়ে আছে ২৩২ রানে। হাতে উইকেট আছে সাতটি।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২৯৬ রান করলে ভারত তার জবাব দেয় ৬৪৩ রান তুলে।
ইডেন গার্ডেনে মাঠ ভেজা থাকায় বুধবার দ্বিতীয় টেস্টের চতুর্থদিনের খেলা শুরু হতে দেরি হয় এক ঘন্টা। মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয় মাত্র ১৪ ওভার। দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথ ও অ্যালভিরো পিটারসেন আগেরদিনের ৬ রানের সঙ্গে যুক্ত করেন আরো ৩০। ৩৬ রানের মাথায় অমিত মিশ্রের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে স্মিথ করেন ২০। অফ-স্ট্যাম্পের ওপর পড়ে বলটি সামান্য বাঁক নিয়ে ভেতরে ঢুকছিল। বাঁকের সঙ্গে সঙ্গতি রেখে খেলার চেষ্টা করেন স্মিথ। কিন্ত ব্যাটে-বলে এক করতে পারেননি। বল তার প্যাডে গিয়ে আঘাত হানে, নইলে আঘাত হানতো অফ-মিড-স্ট্যাম্পে। আম্পায়ারও হাত তুলতে দ্বিধা করেননি এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ইডেন গার্ডেন।
এর মাত্র ১১ বল পর মধ্যাহ্ন-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা, দলের রানের সঙ্গে ৩ যুক্ত করে।
বিরতির পর খেলা হয় মাত্র ২০ ওভার। দক্ষিণ আফ্রিকা রান তোলে আরো ৭৬, উইকেট হারায় আরো দু'টি। ৫৪ রানের মাথায় পিটারসেন হরভজন সিংয়ের বলে শর্ট-লেগে সুব্রামনিয়াম বদ্রিনাথের হাতে ধরা পড়েন। ২১ রান করেন তিনি ৫১ বলে। চার মেরেছেন মাত্র দু'টি।
দলের সঙ্গে আরো ৫৭ রান যোগ হওয়ার পর সাজঘরের পথ ধরেন জ্যাক ক্যালিস (২০)। অমিত মিশ্রের বলে উইকেটের পেছনে ধরা পড়েন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। তখন দলের রান ছিল ১১১।
এরপর পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। মাঝে বৃষ্টিও হয় এক পশলা। এর মধ্যেই চা-বিরতি শুরুর ঘোষণা দেন আম্পায়াররা। সেই সময়ও শেষ হয়ে যায়। কিন্ত খেলা শুরু হয় না। এবার আর আলোর অভাবে নয়, মাঠ ভেজা থাকায়।
অনেক চেষ্টার পর খেলার উপযোগী করে তোলা হয় মাঠ। বলও গড়ায়। কিন্ত এক ওভারের বেশি খেলা হয়নি। এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয় আরো চার রান।
প্রটিয়াস ব্যাটসম্যানদের মধ্যে আক্ষরিক অর্থেই কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তবে ব্যতিক্রম হাশিম আমলা। ৪৯ রান অপরাজিত রয়েছেন। খেলেছেন ৮০ বল। সীমানার ওপারে বল পাঠিয়েছেন ৭বার। তার সঙ্গে রয়েছেন অ্যাশলে প্রিন্স। এখনো হিসেবের খাতা খুলতে পারেননি।
ভারতের পক্ষে অমিত মিশ্র দুই উইকেট নিয়েছেন ১৫ রানে। আর ৩১ রান দিয়ে অপর উইকেটটি নিয়েছেন হরভজন সিং।
খেলার বাকি আছে মাত্র একদিন। জেতার জন্য ভারতের দরকার আরো সাত উইকেট। এ অবস্থায় পুরোদিন কাটিয়ে দেয়া কঠিন কিছু নয়। আবার সহজও নয়। তাই খেলার অনুপযোগী আবহাওয়ার কামনা করতেই পারে দক্ষিণ আফ্রিকা। আর বিধাতা যদি তাদের পক্ষে থাকে তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪০ ঘ.
bdnews24