সিডনি, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাগতিক অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও বৈরী আবহাওয়ার কারণে সুযোগ কাজে লাগাতে পারলো না সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের মারাত্মক বোলিংয়ের মুখে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২২৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ১ ওভার খেলে বিনা উইকেটে করে ৬।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় ক্যারিবীয়রা। দুই পেসার রবি রামপল ও ডোয়াইন স্মিথের বোলিং তোপে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি অসি ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই ২২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
বোলারদের দাপটের মাঝেও মাইকেল ক্লার্ক ৪৬ ও মাইক হাসি ৪৪ রান করেন।
রামপল ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া ডোয়াইন স্মিথ ৩টি ও ড্যারেন সামি নেন দুই উইকেট।
পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সফরকারীদের লক্ষ্য নির্ধারণ করা হয় ২৪ ওভারে ১৫১। ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমে মাত্র ৬ বল খেলার সুযোগ পায়।
পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে আছে। চতুর্থ ম্যাচটি হবে ১৪ ফেব্র"য়ারি ব্রিসবেনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24