কলকাতা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্গুলে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ইডেন গার্ডেনে অনুশীলনের সময় আঙ্গুলে আঘাত পান স্মিথ। সঙ্গে সঙ্গে এক্সরে করে দেখা যায় তার কিছুই হয়নি। তবে অনুশীলন শেষে স্মিথের এমআরআই করানো হবে।
দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার মাইকেল ওয়েন শুক্রবার জানিয়েছেন, "তার (স্মিথের) বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে এক্সরে করা হয়েছে। কোনো কিছু ধরা পড়েনি। তবে কতটা গুরুতর আঘাত পেয়েছেন তা নিশ্চিত হওয়ার জন্য স্মিথের এমআরআই করতে যাচ্ছি।"
দ্বিতীয় টেস্টে স্মিথ খেলতে না পারলে দক্ষিণ আফ্রিকার জন্য তা হবে দুঃশ্চিন্তার কারণ। তবে স্পিথের আঘাতকে গুরুতর হিসেবে ভাবছেন না এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, "আমি নিশ্চিত সে তাড়াতাড়ি সেরে উঠবে। দলে তার বিকল্প নেই।"
গত ২০ মাস ধরে চোট লেগেই আছে স্মিথের। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার সময় কনুইয়ে আঘাত পান। ফলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি একদিনের ম্যাচে মাঠে নামতে পারেননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে মিচেল জনসনের বলে হাত ভাঙার পরও প্রবল ইচ্ছা শক্তির জোরে ব্যাট করে যান। দলকে রক্ষা করেন হারের হাত থেকে। তবে পরের একদিনের ম্যাচগুলোতে আর খেলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৬৪৩ ঘ.
bdnews24