ক্রাইস্টচার্চ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের শতক ও সাকিব আল হাসানের চতুর স্পিনও বাংলাদেশের হার ঠেকাতে পারেনি। শেষ একদিনের ম্যাচে ৩ উইকেটে হেরে হোয়াইট-ওয়াশ হতেই হলো। বাংলাদেশের বেঁধে দেয়া ২৪২ রানের লক্ষ্য টপকে নিউজিল্যান্ড পৌঁছে যায় ২৪৪ রানে, ৭ উইকেটে। তখনো বাকি ছিল ৫ ওভার এক বল।
প্রথমে ব্যাট করে ইমরুলের ১০১ রানের ওপর ভিত্তি করে বাংলাদেশ ৯ উইকেটে করে ২৪১।
এএমআই স্টেডিয়ামে বৃহস্পতিবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গুপ্টিলের ৯১ বলে ৯১ রানের সুবাদে বেশ ভালোভাবেই এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ডের ইনিংস। সেই সঙ্গে অন্য ব্যাটসম্যানরা কমবেশি রান করায় ৪৪ ওভার ৫ বলে জয়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।
যদিও ইনিংসের শেষদিকে ছোটখাটো একটা মোড়ক লেগেছিল। ১৯৫ থেকে ২১০ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। কিউই ইনিংসের মেরুদন্ড গুপ্টিলের আউট হওয়ার সঙ্গে সঙ্গে এই মোড়ক লাগে। তারপরও নিউজিল্যান্ডের জয়ের পথে তা কোনো প্রভাব ফেলেনি। ১৯৫ রানের মাথায় গুপ্টিল জায়গা বানিয়ে অধিনায়ক সাকিব আল হাসানের বলটিকে লং-অফের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু বলটি তার ঠিকানা খুঁজে পায় তামিম ইকবালের হাতে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব ৪ উইকেট নেন ৩৩ রানে।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বাংলাদেশকে ব্যাট করতে পাঠান। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ৮ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ফিরে যান দলের ৮ রানের মাথায়। ৪১ রানের মাথায় আফতাব আহমেদ (১৮) বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ।
এ অবস্থায় দলের হাল ধরেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। দলের সঙ্গে তারা যুক্ত করেন ৫৮ রান। ৯৯ রানের মাথায় মোহাম্মদ আশরাফুল জ্যাকব ওরামের বলে উইকেটের পেছনে ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়েন। বলটি প্রথমে খেলতে চাননি আশরাফুল (৩১)। কিন্তু শেষ মুহূর্তে মন পাল্টে থার্ডম্যানের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করেন। বলটি তার ব্যাটে লেগে উইকেটরক্ষকের বেশ দূর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন তিনি বলটি। দর্শকদের অনেকদিন মনে থাকবে ক্যাচটির কথা। আশরাফুল তার ৫৫ বলের ইনিংসে ৪ মেরেছেন চারটি।
এরপরই ইমরুল কায়েস জুটি বাঁধেন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন আরো ৮৪ রান। ১৮৩ রানের মাথায় টিম সুথির গুড লেঙথ বলটি ছিল সাকিবের প্রত্যাশার চেয়ে দ্রুত। মিড-উইকেটের ওপর দিয়ে তুলে মারার চেষ্টা করেন সাকিব। কিন্তু বলটি ব্যাটের উপড়ের দিকে লেগে আকাশে উঠে যায়। মিড-উইকেট থেকে বেশ খানিকটা দৌড়ে গিয়ে ক্যাচটি ধরেন রস টেইলর। ৪৮ বলে ৩টি চারের সাহায্যে সাকিব করেন ৩৬।
সাকিবের সাজঘরে ফেরার পরই শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পতন। ২০৫ রানে মুশফিকুর রহিম (৪), ২২১ রানে মাহমুদুল্লাহ রিয়াদ (৬) ও ২৩৪ রানে ভেট্টোরির বলে বোল্ড হওয়ার আগে একদিনের ক্রিকেট জীবনের প্রথম শতক আদায় করে নেন ইমরুল। ১০১ রান করেন ১৩৮ বলে। তিনি তার ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার দিয়ে। ভেট্টোরির ইয়র্কার লেঙথের আর্ম বলটিকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি। ফলে যা হওয়ার তাই হলো, স্ট্যাম্প ভেঙ্গে গেল ইমরুলের।
এরপর ২৩৪ রানের মাথায় নাইম ইসলাম (১০) ও ৫০তম ওভারের শেষ বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাহাদাত হোসেন। রান আউট হওয়ার আগে তিনি করেন ৪।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন সুথি ও ভেট্টোরি। এজন্য সুথির খরচ হয় ৩৭ রান। ভেট্টোরি দেন ৪২।
তিন ম্যাচের একদিনের সিরিজের তিনটিতেই হার মানতে হলো বাংলাদেশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৭১৮ ঘ.
bdnews24