২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হার ঠেকাতে পারলেন না টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারের শতকের পরও প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে পারলো না ভারত। হার মানতে হলো এক ইনিংস ও ৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

নাগপুর, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের শতকের পরও প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে পারলো না ভারত। হার মানতে হলো এক ইনিংস ও ৬ রানে। নাগপুর টেস্টের চতুর্থদিন মঙ্গলবার শেষ বিকেলে ভারত দ্বিতীয় ইনিংসে রান করে ৩১৯, সব উইকেট হারিয়ে। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম টেন্ডুলকার ঠিক এক শ' রান করে আর এগুতে পারেননি। তিনি তার টেস্ট জীবনের ৪৬তম শতকে পৌঁছান ১৭৭ বলে ১৩টি চারের সাহায্যে। এরপর একটি বল খেলে পরের বলেই সাজঘরে ফেরেন তিনি। পল হ্যারিসের লেগ-স্ট্যাম্পের বাইরের বলটিকে সুইপ করেন টেন্ডুলকার। কিন্তু বলটি তার ব্যাটকে ফাঁকি দিয়ে থাই-প্যাডে লেগে কনুইয়ের গার্ডে লাগে। এরপর আঘাত হানে স্ট্যাম্পে। এর আগে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয় ও টেন্ডুলকার। মুরালি বিজয় তার ২৭ রানের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে বিদায় নেন। তবে খেলে যেতে থাকেন টেন্ডুলকার। ১৫ রানের সঙ্গে যুক্ত করেন আরো ৮৫। তবে মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান সুব্রামনিয়াম বদ্রিনাথ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মোটেও সুবিধা করতে পারেননি। ১২২ রানের মাথায় বদ্রিনাথ (৬) ও ২০৯ রানের মাথায় ২৫ রান করে বিদায় নেন ধোনি। এছাড়া ঋদ্ধিনাথ সাহা করেন ৩৬। শেষের দিকের ব্যাটসম্যান হরভজন সিং ৩৯ ও জহির খান ৩৩ রান করলেও ইনিংস হার এড়ানোর জন্য তা পর্যাপ্ত ছিল না। ৩১৯ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন অমিত মিশ্র। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন ডেল স্টেইন ও পল হ্যারিস। এ জন্য স্টেইনের খরচ হয় ৫৭ রান। হ্যারিস দেন ৭৬। এছাড়া ৫৮ রানে দুই উইকেট নেন ওয়েন পার্নেল। প্রথম ইনিংসে ভারত করেছিল ২৩৩ রান। শতক হাঁকিয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল। হাশিম আমলা তার টেস্ট জীবনের সেরা ২৫৩ রানে অপরাজিত ছিলেন। এজন্য ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.