নাগপুর, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুর টেস্টের লাগাম এখন দক্ষিণ আফ্রিকার হাতে। উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের শতকের পরও ভারত ফলো-অন এড়াতে পারেনি। ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ের মুখে প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৩৩ রানে।
৩২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো বিপদে পড়ে ভারত। দিন শেষে রান তুলেছে ২ উইকেটে ৬৬। এখনো পিছিয়ে আছে ২৫৯ রানে। হাতে উইকেট আছে ৮টি।
নাগপুরে বিনা উইকেটে ২৫ রান নিয়ে সোমবার প্রথম টেস্টের তৃতীয়দিনের খেলা শুরু করেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও শেবাগ। দলের রানের সঙ্গে মাত্র ৬ যুক্ত হতেই মর্নে মরকেলের বলে উইকেটের পেছনে মার্ক বাউচারের হাতে ধরা পড়ে বিদায় নেন গম্ভীর। ৪০ রানের মাথায় মুরালি বিজয় (৪) ও ৫৬ রানের মাথায় শচীন টেন্ডুলকার (৭) বিদায় নিলে পথ হারিয়ে ফেলে ভারত।
এ অবস্থায় দলের হাল ধরেন সুব্রামনিয়াম বদ্রিনাথ ও শেবাগ। জুটি বেঁধে দলের রানের সঙ্গে তারা যুক্ত করেন ১৩৬। ১৯২ রানের মাথায় ওয়েন পার্নেলের অফ-স্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করে খেলতে গিয়ে ডিপ-কভারে ক্যাচ তুলে দেন পল ডুমিনির হাতে। শেবাগ বিশ্বাস করতে পারছিলেন না, এটা তিনি কি খেললেন। সাজঘরে ফেরার সময় চোখ বন্ধ করে মাথা ঝাকাতে দেখা যায় তাকে। ২১২ মিনিট উইকেটে থেকে ১৩৯ বলে রান করেন ১০৯। চার মারেন ১৫টি। শেবাগ তার ১৮তম শতকে পৌঁছান ১৩৪ বলে ১৩টি চারের সাহায্যে।
এরপর আর পথ খুঁজে পায়নি ভারতের ইনিংস। গড়ে ওঠেনি বড় কোন জুটিও। বরং বাকি উইকেট পড়ে যায় একের পর এক। ২২১ রানের মাথায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৬), দলের সঙ্গে আর কোনো রান যুক্ত না হতেই বদ্রিনাথ (৫৬), ২২২ রানে ঋদ্ধিমান সাহা (০), ২২৬ রানে জহির খান (২), ২২৮ রানে অমিত মিশ্র (০) ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন হারভাজন সিং (৮)।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৭ উইকেট নেন ডেল স্টেইন, ৫১ রানে। এটিই স্টেইনের টেস্ট জীবনের সেরা 'বোলিং ফিগার'।
৩২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপদে পড়ে ভারত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ১ রানের মাথায় ফিরে যান গম্ভীর (১)। ২৪ রানের মাথায় শেবাগ (১৬) বিদায় নিলে বিপদ যেন ঘাড়ে চেপে বসে ভারতের। এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন শচীন টেন্ডুলকার (১৫) ও মুরালি বিজয় (২৭)। শেষ বিকেলে তারা দলের সঙ্গে যোগ করেন ৪২ রান।
উইকেট দু'টি ভাগাভাগি করে নেন মর্নে মর্কেল ও স্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৭ ঘ.
bdnews24