২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

অস্ট্রেলিয়া স্রেফ উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। হারিয়েছে ১১৩ রানের বড় ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 11:21 AM

Updated : 24 Aug 2022, 06:39 PM

মেলবোর্ন, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া স্রেফ উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। হারিয়েছে ১১৩ রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে শেন ওয়াটসনের অর্ধশতকে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান তোলে, ৮ উইকেটে। জেতার জন্য ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুখ থুবরে পড়ে ১৪৩ রানে। খেলেছে মাত্র ৩৪ ওভার ২ বল। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে রোববার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খাদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারা এক শ'তে পৌঁছতে পারে কি না, তা নিয়ে দেখা দেয় সংশয়। কিন্তু লেন্ডল সিমন্স ও কিয়েরন পোলার্ড জুঁটি বেঁধে ৬৪ রান তুললে সে শঙ্কা দূর হয়। দলেরও রান পেরিয়ে যায় এক শ'। ১০৮ রানের মাথায় পোলার্ডের সাজঘরে ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন পোলার্ড। দলের রানের সঙ্গে মাত্র ৩ যুক্ত হতেই ফিরে যান সিমন্স (২৯), ১৩৫ রানে ডি স্মিথ (৭), ১৩৬ রানে দিনেশ রামদিন (১৭), ১৪৩ রানে নিকিতা মিলার (৪) ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রবি রামপল (৩) ১৪৩ রানের মাথায়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন রায়ান হ্যারিস ও নাথান হরিটজ। এজন্য হ্যারিস খরচ করেন ২৪ রান। হরিটজ দেন ২৮। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইল অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান। ব্যাটসম্যানদের সবাই কম-বেশি রান করায় দলের রান আড়াই শ'র কোঠা ছাড়িয়ে যায়। অবশ্য মিডল-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউ একজন বড় স্কোর করলে রান আরো বেশিই হতো। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন শেন ওয়াটসন, ৭৪ বলে। চার মারেন তিনটি। অধিনায়ক রিকি পন্টিং রান করেন ৪৯। তিনি তার ৬১ বলের ইনিংসটি সাজান একটি ৪ ও দু'টি ছক্কা দিয়ে। এছাড়া মাইকেল ক্লার্ক ১৮, ক্যামেরোন হোয়াইট ২২, মাইক হাসি ২৮ ও মিচেল জনসন ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কিয়েরন পোলার্ড ৩ উইকেট নেন ৪৫ রানে। এছাড়া ৪৩ রানে ২ উইকেট নেন রবি রামপল। এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ তে। পরের খেলাটি হবে ৯ ফেব্র"য়ারি অ্যাডিলেডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৬ ঘ.