২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমলা, ক্যালিসের শতকে দক্ষিণ আফ্রিকার দিন

জ্যাক ক্যালিস ও হাশিম আমলার অপরাজিত শতকের সুবাদে ভারতের বিপক্ষে নাগপুর টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার দিন শেষে রান তুলেছে ২৯১, দুই উইকেট হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

নাগপুর, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যাক ক্যালিস ও হাশিম আমলার অপরাজিত শতকের সুবাদে ভারতের বিপক্ষে নাগপুর টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার দিন শেষে রান তুলেছে ২৯১, দুই উইকেট হারিয়ে। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। কিন্তু ব্যাটিংয়ে নেমেই জহির খানের ধাক্কায় খাদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ ও অ্যাশওয়েল প্রিন্স ফিরে গেলে দলের হাল ধরেন হাশিম আমলা ও জ্যাক ক্যলিস। তারা শুধু খাদ থেকেই টেনে তোলেননি, দলের অবস্থানও সুসংহত করেন। শতক হাঁকান দু'জনেই। ক্যালিস ১৫৯ রান করে অপরাজিত রয়েছেন। তার ২৮৯ বলের ইনিংসে চার রয়েছে ১৩টি ও ছক্কা দু'টি। ক্যালিস তার টেস্ট জীবনের ৩৪তম শতকে পৌঁছান ১৬৫ বলে, ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন ভারতের সুনিল গাভাস্কার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার সেঞ্চুরির রেকর্ড। হাসিম আমলা অপরাজিত রয়েছেন ১১৫ রানে। তিনি তার ২২৫ বলে ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে। সেই সঙ্গে ৮ম শতকে পৌঁছান ২০৪ বলে। তবে চারের সংখ্যা আর বাড়াতে পারেননি। সকালের আধ ঘন্টাই ছিল কেবল ভারতের। বাকি পুরোদিনই আমলা ও ক্যালিসের ব্যাটিং দেখতে হয় ভারতীয়দের। জহির খানের ভয়ংকর এই বলটির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না প্রিন্স। মুখ বরাবর বাউন্সার। হতবাক প্রিন্স মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়েন। ব্যাট থেকে সরিয়ে নেন ডান হাত। বল তার বাম হাতের আর্ম-গার্ড ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। কিন্তু আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রিন্স। এগিয়ে যান অপর প্রান্তে অধিনায়ক স্মিথের দিক। কিছু কথা-বার্তাও হয়। সম্ভবত টিভি আম্পায়ারের সহায়তা চাওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রিন্স। কিন্তু নাকচ করে দেন স্মিথ। ফলে সাজঘরের পথ ধরেন প্রিন্স। হিসেবের খাতাই খুলতে পারেননি। তখন দলের রান ছিল ৫। এই রানের সঙ্গে আর মাত্র এক যুক্ত হতেই বিদায় নেন স্মিথও। জহির খানের অফ-স্ট্যাম্প বরাবর গুড-লেঙথের বলটি ইনসুইং করে আরো ভেতরে ঢুকছিল। সমীহ জাগানো বলটিকে সমীহ করেই রক্ষণাত্বকভঙ্গীতে খেলতে গিয়েছিলেন স্মিথ। কিন্তু ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে ঢুকে স্ট্যাম্প ভেঙ্গে দেয় বলটি। বলাই যায়, অত্যন্ত দুর্বল রক্ষণাত্বক খেলা। জহির খান সফলতার মুখ দেখলেও ধোনির অপর চার বোলার ইশান্ত শর্মা, হরভজন সিং, অমিত মিশ্র ও বীরেন্দ্র শেবাগ কোনো সুবিধাইু করতে পারেননি। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের মধ্যে খেলা হচ্ছে বলে একে অভিহিত করা হচ্ছে এক নম্বর স্থান দখলের লড়াই হিসেবে। সিরিজ ড্র হলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে যাবে ভারত। কিন্তু শীর্ষে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ১-০ ম্যাচে জিততে হবে। দুই টেস্টের সিরিজের অপরটি হবে কলকাতায়। শুরু হবে ১৪ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৮ ঘ.