২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ উইকেটে হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু

সফরের শুরু এর চেয়ে খারাপ আর হতেই পারে না। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, হারিয়েছে দশ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 10:03 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

হ্যামিল্টন, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফরের শুরু এর চেয়ে খারাপ আর হতেই পারে না। একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড, হারিয়েছে দশ উইকেটে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭৮ রান করে। খেলতে পারেনি পুরো ২০ ওভারও, সব উইকেট হারিয়ে বসে ১৭.৩ ওভারে। জয়ের লক্ষ্য ৭৯ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড বিনা উইকেটে। তখনও খেলার বাকি ছিল ৭০ বল। সেডন পার্কে বুধবার মাত্র ৮.২ ওভারেই খেলা শেষ করে দেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ব্রেন্ডন ম্যাককালাম মাত্র ২৭ বলে করেন ৫৬। ৭টি চার ও ২টি ছক্কা রয়েছে তার ইনিংসে। তাকে সঙ্গ দেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান পিটার ইনগ্রাম। ২০ রান করেন ২৩ বলে, ৩টি চারের সাহায্যে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান পাঁচ বোলার ব্যবহার করেন। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। ৫.৪ ওভারে ৩৭ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (১৪) ও ওয়ানডাউন আফতাব আহমেদ (১২) সাজঘরে ফিরে গেলে সেই যে ছন্দ হারিয়ে ফেলেন ব্যাটসম্যানরা, সম্ভব হয়নি আর ঘুরে দাঁড়ানো। শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। ৪১ রানের মাথায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (১১), ৪২ রানে মুশফিকুর রহিম (০), দলের রানের সঙ্গে আর কোনো রান যোগ না হতেই সাকিব (৩), ৫৭ রানে নাইম ইসলাম (৫), ৫৯ রানে মাহমুদুল্লাহ রিয়াদ (১১), ৬৪ রানে সাহাদাত হোসেন (১), ৭২ রানে শফিউল ইসলাম (১) ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রকিবুল হাসান। তখন স্কোর বোর্ডে মাত্র ৭৮ রান, টোয়েন্টি- টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এত কম রান আর কখনো আউট হয়নি। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৮ রান করেন রকিবুল। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ৪ ওভারে মাত্র ৬ রান দেন। এর মধ্যে আবার একটি মেইডেনও রয়েছে। এছাড়া দু'টি করে উইকেট নেন নাথান ম্যাককালাম ও জ্যাকব ওরাম। ৭০-এর চেয়ে বেশি বলের (৭৪) ব্যবধানে হেরেছে কেবল কেনিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে তারা হেরেছিল ৯ উইকেটে। দশ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে আর মাত্র তিনটি। অস্ট্রেলিয়া জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে ও কেনিয়া হারায় স্কটল্যান্ডকে। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের এর আগের সর্বনিু রান ছিল ৮৩, করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে। তবে রেকর্ড বইয়ে সর্বনিু রানের পাশে লেখা রয়েছে কেনিয়ার নাম। তারা ৬৭ রান করে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে, ২০০৮ সালে। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ৭৪ রান করে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৪ ঘ.