পার্থ, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ একদিনের ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। এজন্য বল বিকৃত করতেও দ্বিধা করেননি শহিদ আফ্রিদি। ফলে যা হওয়ার তাই হলো। এর মাসুল গুনলেন তিনি। নিষিদ্ধ করা হয়েছে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পঞ্চম একদিনের ম্যাচের সময় তিনি বল বিকৃত করেন। টেলিভিশন ফুটেজে দেখা যায় তিনি দাঁত ব্যবহার করে বল বিকৃত করছেন। সঙ্গে সঙ্গে একথা টিভি আম্পায়ার জানান ফিল্ড আম্পায়ারকে। এরপর আফ্রিদির সঙ্গে কথা বলে আম্পায়ার বল পরিবর্তন করেন।
খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিদিকে শুনানিতে ডাকা হয়। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে বলেন, আফ্রিদি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
পরে আফ্রিদি বলেন, সব ক্রিকেট দলই বল বিকৃত করে থাকে। জিও টেলিভিশনে তিনি বলেন, "বল বিকৃত করা আমার উচিত হয়নি। কিন্তু করে ফেলেছি। কেবল একটা ম্যাচ জেতার জন্য বোলারদের সহায়তা করতে চেষ্টা করছিলাম।" সেই সঙ্গে তিনি একথাও বলেন যে বিশ্বের এমন কোন দল নেই, যারা বল বিকৃত করে না। "তবে আমার পদ্ধতিটা ছিল ভুল।"
অধিনায়ক মোহাম্মদ ইউসুফের অনুপস্থিতিতে এই ম্যাচে দলের নেতৃত্ব দেন শহিদ আফ্রিদি। এছাড়া পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক তিনি।
টেস্ট সিরিজে হোয়াইট-ওয়াশের পর একদিনের সিরিজের পাঁচটি ম্যাচেও হার মানতে হয় পাকিস্তানকে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ ফেব্র"য়ারি মেলবোর্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১০ ঘ
bdnews24