ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টেস্ট হবে ভালো একটি উইকেটে। ফলে পাঁচদিনই খেলা হবে বলে জানিয়েছেন কেপ টাউন উইকেটের কিউরেটর ইভান ফ্লিন্ট।
তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। তাই এটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী টেস্টে। খেলা শুরু হবে ২ জানুয়ারি।
কেপ টাউনের নিউল্যান্ডসের উইকেট থেকে ব্যাটসম্যানরা বরাবরই সহায়তা পেয়ে আসছেন। দক্ষিণ আফ্রিকার যে কোনো মাঠের চেয়ে এই মাঠেই সবচেয়ে বেশি রান (গড় ৩৩৮.২) উঠেছে। এরপরই রয়েছে ডারবানের কিংসমিড। তারপরও গড়ে পিছিয়ে রয়েছে প্রায় ২৪ রানে।
নিউল্যান্ডসের উইকেট আগের মতোই রাখা হবে বলে জানিয়ে ফ্লিন্ট বলছেন, "আগের চেয়ে পিচে খুব একটা পরিবর্তন আনা হবে না।"
এটা নিঃসন্দেহে ব্যাটসম্যানদের জন্য সুখবর। কেননা আগের দুই টেস্টে কঠিন সময় পার করতে হয়েছে ব্যাটসম্যানদের।
সেঞ্চুরিয়ন ও ডারবানের উইকেটে প্রথমদিকে বোলাররাই বেশি সুবিধা পান। তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় সেঞ্চুরিয়নের উইকেটে ব্যাট করা সহজ হয়ে যায় অনেকাংশে। কিংসমিডের উইকেট একই রকম আচরণ করলেও বোলাররা সুবিধা পায় পুরো ম্যাচে। তবে নিউল্যান্ডসের পিচ হবে একেবারেই অন্য রকম।
দক্ষিণ আফ্রিকা দল সাধারণত পেস ও বাউন্স পছন্দ করে থাকে। ফ্লিন্টেরও মাথায় রয়েছে সে কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এমন একটি উইকেট তৈরি করতে চাই যাতে দক্ষিণ আফ্রিকা ভালো ফল করতে পারে। আশা করছি আমার দেশ তার পুরো শক্তি মেলে ধরতে পারবে।"
উইকেট নিয়ে এখনো কিছু কাজ বাকি আছে। কিন্তু আবহাওয়ার জন্য ফ্লিন্ট তা করতে পারছেন না। এ ব্যাপারে ফ্লিন্ট বলছেন, "আবহাওয়া পুরোপুরি ভালো নয়। বেশ বাতাস বইছে। সূর্যও ঢাকা রয়েছে মেঘে। অন্তত রোদে ঝলমল একটা দিন চাই আমি।"
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বছরের প্রথম দিন কেপ টাউনে বৃষ্টি হতে পারে। তবে খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই।
নির্বাসন পরবর্তী সময়ে এই মাঠে দক্ষিণ আফ্রিকা ২১টি টেস্টের মধ্যে ১৪টিতেই জিতেছে। হেরেছে মাত্র তিনটিতে। ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা খেলেছে দু'টি টেস্ট। জিতেছে দু'টিতেই।
বর্ণবাদের কারণে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১৬ ঘ.
bdnews24