ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে মাঠে নামতে পারছেন না। শুধু তাই নয়, বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়ও খেলতে পারবেন না তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন মঙ্গলবার তার বাম পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরে। ফলে অস্ত্রোপচার করতে হবে তার পায়ে।
স্ক্যান রিপোর্ট দেখে হাড়ে চিড় ধরার কথা নিশ্চিত করেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ট্রেফর জেমস। তিনি বলেন, ৩১ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের এই বোলারকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
বুধবারই তার গোড়ালিতে অস্ত্রোপচার করার কথা।
অনেক দিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন হ্যারিস।
তৃতীয় দিন নিজের সপ্তম ওভারে বল করার সময় চোট পান তিনি। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গে। খেলায় ২৮ ওভার ৪ বল করে ৯১ রান দেন তিনি। কিন্তু কোনো উইকেট পাননি।
চতুর্থ দিন ব্যাট হাতে তিনি আর মাঠে নামেননি।
খেলায় এক ইনিংস ও ১৫৭ রানে হার মানে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২১৪০ ঘ.
bdnews24