ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে এক পালা ও ১৫৭ রানে হারিয়ে অ্যাশেজ ধরে রাখলো ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ৯৮ রানের জবাবে ইংল্যান্ড করে ৫১৩। ফলে ৪১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। কিন্তু অল-আউট হয়ে যায় ২৫৮ রানে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ১৬৯ রান নিয়ে বুধবার চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু ৯০ মিনিটেরও কম সময়ের মধ্যে তিন উইকেট তুলে নেয়ায় জয় ইংল্যান্ডের হাতের মুঠোয় চলে আসে। আহত থাকায় ব্যাট হাতে মাঠে নামেননি রায়ান হ্যারিস।
টিম ব্রেসন্যানের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে বেন হিলফেনহস (০) উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ডের সমর্থকরাও ফেটে পড়েন উল্লাসে।
দিনের শুরুতে ব্যক্তিগত রানের সঙ্গে কোনো রান যোগ না করে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মিচেল জনসন (৬) বিদায় নেন। তখন মনে হচ্ছিল খেলা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
কিন্তু এ অবস্থায় হাল ধরে লড়াই চালিয়ে যেতে থাকেন আরেক অপরাজিত ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন ও পিটার সিডল। দলের সঙ্গে ৮৬ রান যোগ করে তারা কেবল ইংল্যান্ডের জয় কিছুটা সময়ের জন্য বিলম্বিত করেন।
দলীয় ২৫৮ রানের মাথায় গ্রায়েম সোয়ানকে তুলে মারতে গিয়ে সীমানার কাছে কেভিন পিটারসেনের হাতে ধরা পড়ার আগে সিডল করেন ৪০। তার ৫০ বলের ইনিংসে চার রয়েছে ৪টি ও ছক্কা একটি। টেস্টে এর চেয়ে বেশি রান তিনি আর কখনো করেননি।
শেষ পর্যন্ত হ্যাডিন অপরাজিত থাকেন ৫৫ রানে। তিনি তার ৯৩ বলের ইনিংসটি সাজান চারটি ৪ ও একটি ছক্কা দিয়ে।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেসন্যান ৪ উইকেট নেন ৫০ রানে। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন সোয়ান।
এছাড়া একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ক্রিস ট্রেমলেট। এ জন্য দু'জনই দেন ৭১ রান করে।
ক্রিকেট ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে যে কোনো দেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া এই প্রথম দু' টেস্ট হার মানলো ইনিংস ব্যবধানে। এছাড়া ৯৮ বছরের মধ্যে স্বাগতিক হিসেবে এরচেয়ে বড় ব্যবধানে তারা আর কখনো হারেনি। এটি দেশটির অষ্টম বড় ব্যবধানে হারও বটে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় ব্যবধানে হার। এর আগে ১৯১২ সালে তারা ইংল্যান্ডের কাছে হার মানে এক পালা ও ২২৫ রানে।
১৯৮৬-৮৭ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর এই প্রথম ইংল্যান্ড অ্যাশেজ ধরে রাখলো।
এছাড়া স্বাগতিক দেশ হিসেবে ৯৮ রানই অস্ট্রেলিয়ার সব চেয়ে কম রানের পালা। এর আগে ১৮৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের প্রথম সফরে অস্ট্রেলিয়ার একটি পালা গুটিয়ে যায় ১০৪ রানে।
আর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিু রানের ইনিংস মাত্র ৩৬। এই লজ্জা তারা পেয়েছিল বার্মিংহামে ১৯০২ সালে।
অ্যাশেজের দখল নিশ্চিত হয়ে যাওয়ার পর সিডনিতে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে ড্র কিংবা জয়।
আর অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশেজ পূনরুদ্ধার যে আর সম্ভব নয়, তাও নিশ্চিত হয়ে গেছে এই খেলায় হেরে। তবে এই সিরিজ ড্র করা সম্ভব, যদি তারা জেতে সিডনিতে।
পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
এই খেলায় জিতে ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.
bdnews24