ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামিল্টনে পাকিস্তানকে ৩৯ রানে হারিয়ে তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
তৃতীয় ও শেষ খেলা হবে ৩০ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৪৬ রান তুলতেই থেমে যায় পাকিস্তানের পালা।
সেডন পার্কে মঙ্গলবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। দিনের প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রাইডারকে সাজঘরে ফেরত পাঠান আব্দুর রাজ্জাক।
এ অবস্থায় হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও জেমস ফ্রাঙ্কলিন জুটি বেঁধে তোলেন ৯১ রান।
মাত্র ৬ রানের জন্য অর্ধ-শতক বঞ্চিত হন গুপটিল। ২৮ বল খেলে তিনি দড়ির ওপারে বল পাঠান ছয় বার। এর মধ্যে তিনবার হাওয়ায় ভাসিয়ে।
দলের সঙ্গে আর ৩ রান যোগ হতেই তাকে অনুসরণ করেন ফ্রাঙ্কলিন। ৪৩ বলে ৪০ রান করেন তিনি।
এছাড়া স্কট স্টাইরিস ৩৪ ও পিটার ম্যাকগ্লাশান ২৬ রান করেন। শেষ পর্যন্ত অধিনায়ক রস টেলর ৩০ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের সাইদ আজমল ৩ উইকেট নেন ৩৫ রানে। এছাড়া আব্দুর রাজ্জাক, শোয়েব আক্তার, ওয়াহাব রিয়াজ ও শহিদ আফ্রিদি ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক শহিদ আফ্রিদির উইকেট হারালেও খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ৩০ বলে ৪৬ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন তিনি।
এরপর আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। উমর আকমল ২৬, ওয়াহাব রিয়াজ ১৮, আহমেদ শেহজাদ ১৫ ও আব্দুর রাজ্জাক ১৪ রান করেন।
নাথান ম্যাককালাম ৪ উইকেট নেন ১৬ রানে। টিম সুথি ২৬ রানে নেন ২ উইকেট।
সেরা খেলোয়াড় হয়েছেন নাথান ম্যাককালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৩ ঘ.
bdnews24