ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টে জয় ইংল্যান্ডের হাতের মুঠোয় চলে এসেছে। তাদের প্রথম পালার ৫১৩ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় পালায় রান তুলেছে ৬ উইকেটে ১৬৯। ফলে তারা এখনো পিছিয়ে আছে ২৪৬ রানে। অথচ হাতে আছে ৪ উইকেট।
অস্ট্রেলিয়া প্রথম পালায় করে ৯৮ রান।
উইকেটে আছেন ব্র্যাড হ্যাডিন ১১ রান নিয়ে। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত রয়েছেন মিচেল জনসন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৪১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ফিলিপ হিউজেস। দলীয় ৫৩ রানের মাথায় সাজঘরের পথ ধরার আগে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন হিউজেস (২৩)।
তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন তার টেস্ট-জীবনের ১৫তম অর্ধ-শতক আদায় করে নেন। ৯৯ রানের মাথায় টিম ব্রেসন্যানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ৫৪। তার ১০২ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
এরপর শুরু হয় ব্যাটসম্যানদের উইকেট আসা আর ফিরে যাওয়ার পালা। দলের সঙ্গে ৫৯ রান যোগ হতেই বিদায় নেন চার ব্যাটসম্যান। অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাট এবারো কথা বলেনি। ২০ রান করে ব্রেসন্যানের বলে বোল্ড হন তিনি।
এছাড়া স্টিভ স্মিথ ৩৮ ও সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক ১৩ রান করেন। আর হিসেবের খাতাই খুলতে পারেননি মাইক হাসি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেসন্যান ৩ উইকেট নেন ২৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসন। এ জন্য সোয়ানের খরচ হয় ২৩ রান। অ্যান্ডারসন দেন ৬২।
ইংল্যান্ড ৫ উইকেটে ৪৪৪ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জনাথন ট্রট ও ম্যাট প্রায়র দলকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলের সঙ্গে ১৫ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান প্রায়র। ৪৫৯ রানের মাথায় পিটার সিডলের বলে পন্টিংয়ের হাতে ধরা পড়ার আগে তিনি তার আগের দিনের ৭৫ রানের সঙ্গে যোগ করেন ১০। তার ৮৫ রানের ইনিংসে চার রয়েছে ১১টি।
এরপরই শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পড়া। দলের সঙ্গে ৫৪ রান যোগ হতেই ফিরে যান বাকি চার ব্যাটসম্যান, ব্রেসন্যান (৪), গ্রায়েম সোয়ান (২২), ক্রিস ট্রেমলেট (৪) ও জেমস অ্যান্ডারসন (১)।
শেষ পর্যন্ত ১৬৮ রানে অপরাজিত থাকেন জনাথন ট্রট। ১৪১ রান নিয়ে খেলা শুরু করে তিনি তার ব্যক্তিগত রানের সঙ্গে যোগ করেন আরো ২৭। তার ৩৪৫ বলের ইনিংসে চার রয়েছে ১৩টি। এই সিরিজে এটি ট্রটের দ্বিতীয় শতক।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সিডল ৬ উইকেট নেন ৭৫ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন বেন হিলফেনহস ও মিচেল জনসন। এজন্য হিলফেনহসের খরচ হয় ৮৩ রান। জনসন দেন ১৩৪।
অ্যাশেজ সিরিজে স্বাগতিক দেশ হিসেবে ৯৮ রানই অস্ট্রেলিয়ার সব চেয়ে কম রানের পালা। এর আগে ১৮৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের প্রথম সফরে অস্ট্রেলিয়ার একটি পালা গুটিয়ে যায় ১০৪ রানে।
আর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিু রানের ইনিংস মাত্র ৩৬। এই লজ্জা তারা পেয়েছিল বার্মিংহামে ১৯০২ সালে।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। প্রথম ম্যাচটি অমীমাংসিত ছিল।
পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি সিডনিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭৪৮ ঘ.
bdnews24