ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বাজে খেলার জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গার।
তিনি বলেন, ফিলিপ হিউজেস এবং ব্র্যাড হ্যাডিন খুবই বাজে শট খেলেছেন। আর ধৈর্য্য ধরে খেলতে পারেননি মাইকেল ক্লার্ক, মাইক হাসি ও স্টিভ স্মিথ। ফলে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ৭৭ রান করতেই প্রথম সারি'র সাত উইকেট পড়ে যায়।
ল্যাঙ্গার বিবিসিকে বলেন, "সকালে বল একটু বেশি সুইং করছিল। সে জন্য অস্ট্রেলিয়া দল ৯৮ রানেই গুটিয়ে যেতে পারে না।"
দলের পক্ষে সবচেয়ে বেশি ২০ রান করেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ক্লার্কও মনে করেন ল্যাঙ্গার সঠিক কথাই বলেছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, "নিঃসন্দেহে আমরা বাজে শট খেলেছি। আমাদের সব ব্যাটসম্যানই মূলত উইকেটের পেছনে ধরা পড়েছেন, যা ক্ষমার অযোগ্য।"
ক্লার্ক বলেন, "মধ্যাহ্ন ভোজ ও বৃষ্টির পর আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। তবে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বল একটু বেশি সুইং করছিল বটে, কিন্তু তা অজুহাত হতে পারে না। আমরা আসলেই বাজে শট খেলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২২০১ ঘ.
bdnews24