২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হার

অকল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি খেলায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অকল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি খেলায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে পাকিস্তান। রান তাড়া করতে নেমে মার্টিন গুপটিলের অর্ধ-শতকের সুবাদে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৪ টপকে ১৪৬ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তখনো হাতে ছিল ১৭ বল। ইডেন পার্কে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। শুরুটা ভালোই করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক শহিদ আফ্রিদি। হাফিজ ২৪ ও আফ্রিদি করেন ২০। এরপর টিম সুথির মারাত্মক বোলিংয়ের মুখে উমর গুল ও ওয়াহাব রিয়াজ ছাড়া সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। দু'জনই করেন ৩০। সুথি ৫ উইকেট নেন মাত্র ১৮ রানে। কাইল মিলস ৩৭ রানে নেন ৩ উইকেট। রান তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে ৩ উইকেট হারালে হারের শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ২৯ বলে ৫৪ রান করে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। দলীয় ৯১ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি। আর রস টেলর অপরাজিত ৩৯ রান করে দলকে জয় উপহার দিয়ে ফেরেন সাজঘরে। শোয়েব আখতার ৩ উইকেট নেন ৩৮ রানে। সেরা খেলোয়াড় হয়েছেন সুথি। এই খেলায় জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় খেলা হবে ২৮ ডিসেম্বর হ্যামিল্টনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৮ ঘ.