ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার মাশরাফি বিন মর্তুজা চোট পাওয়ায় হতাশ হয়েছেন বাংলাদেশের কোচ জেমি সিডন্স। তার মতে বিশ্বকাপ থেকে বাদও পড়তে পারেন মুর্তজা।
সিডন্স সাংবাদিকদের বলেন, "একজন ফিট ও দুর্দান্ত ম্যাশ (মাশরাফি মুর্তজা) বিশ্বকাপের জন্য অবশ্যই আমাদের প্রথম পছন্দ। চোটে হতাশ ম্যাশ সঙ্গে তার দলও।"
তিনি আরো বলেন, "উদ্বোধনী আক্রমণে পরিবর্তন আনা যেতে পারে রুবেল (হোসেন) বা নাজমুলকে (হোসেন) দলে রেখে। কিন্তু আমি বিশ্বাস করি কাজটি ভিন্ন রকম হলেও বোলিং আক্রমণ তেমন দুর্বল হবে না। ম্যাশকে হারানোয় তার নেতৃত্ব ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে পারে দল। তাকে হারানোর ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।"
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে আবাহনীর হয়ে ব্যাট করার সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি।
চূড়ান্ত এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর অ্যাপোলো হাসপাতালের কন্সালটেন্ট অর্থোপেডিক সার্জন এম আলী, মেলবোর্ন অর্থোপেডিক গ্র"পের অর্থপেডিক সার্জন ডেভিড ইয়াং, অ্যাপোলো হাসপাতালের কন্সালটেন্ট রেডিওলজিস্ট বিদ্যুৎ কে আর সাহা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া বিষয়ক চিকিৎসক মনিরুল আমিন নিজেদের মধ্যে পরামর্শ করে নিশ্চিত হয়েছেন মুর্তজার ডান হাঁটুর লিগামেন্ট প্রায় পুরোপুরি ছিঁড়ে গেছে।
২০০৯ সালের অগাস্টে মাশরাফির দু'হাঁটুতেই অস্ত্রোপচার করেন ড. ইয়াং। ওই বছরের জুলাইয়ে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি।
ড. ইয়াংয়ের অস্ত্রোপচারের প্রায় এক বছর পর মাঠে ফেরেন মাশরাফি। শ্রীলঙ্কায় এশিয়া কাপ ক্রিকেট, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম খেলায় গোড়ালিতে আঘাত পান মাশরাফি। তাই পরের তিনটি খেলায় তিনি ছিলেন দর্শকের কাতারে।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলায় ফেরেন মাশরাফি। যদিও প্রথমদিকে তিনি ভালো করতে পারেননি। তখনই মুর্তজার ফর্মে ফেরা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সিডন্স। বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট নাও হতে পারেন। এমনকি তাকে হারাতেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সিডন্স।
বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রাথমিক দলে রয়েছেন মাশরাফি। উপমহাদেশের বিশ্বকাপে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫১৪ ঘ.
bdnews24