২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির লিগামেন্ট প্রায় ছিঁড়ে গেছে, দশদিন বিশ্রামে

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুর লিগামেন্ট প্রায় পুরোপুরি ছিঁড়ে গেছে। তবে চিকিৎসকরা ধীরে ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মাশরাফি বিন মুর্তজার ডান হাঁটুর লিগামেন্ট প্রায় পুরোপুরি ছিঁড়ে গেছে। তবে চিকিৎসকরা ধীরে ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছেন। চূড়ান্ত এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর অ্যাপোলো হাসপাতালের কন্সালটেন্ট অর্থপেডিক সার্জন এম আলী, মেলবোর্ন অর্থপেডিক গ্র"পের অর্থপেডিক সার্জন ডেভিড ইয়াং, অ্যাপোলো হাসপাতালের কন্সালটেন্ট রেডিওলজিস্ট বিদ্যুৎ কে আর সাহা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া বিষয়ক চিকিৎসক মনিরুল আমিন নিজেদের মধ্যে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেন। সতর্ক চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে দশদিনের বিশ্রাম, তিনদিন পর ক্ষতস্থান পরীক্ষা ও বরফ দিয়ে রাখা এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ। এর আগেও মাশরাফির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। এদিকে বিসিবি জানিয়ে দিয়েছে, মাশরাফির চোট নিয়ে তারা আর কোনো বিবৃতি দেবে না। চিকিৎসা চলার সময় মাশরাফির ব্যক্তিগত বিষয়াবলীর প্রতি সবাই সম্মান দেখাবে বলে বোর্ড আশা করছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে আবাহনীর হয়ে ব্যাট করার সময় রান নিতে গিয়ে আচমকা মাটিতে পড়ে যান মাশরাফি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তাকে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে। ২০০৯ সালের অগাস্টে মাশরাফির দু'হাঁটুতেই অস্ত্রোপচার করেন ড. ইয়াং। ওই বছরের জুলাইয়ে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। ড. ইয়াংয়ের অস্ত্রোপচারের প্রায় এক বছর পর মাঠে ফেরেন মাশরফি। শ্রীলঙ্কায় এশিয়া কাপ ক্রিকেট, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম খেলায় গোড়ালিতে আঘাত পান মাশরাফি। তাই পরের তিনটি খেলায় তিনি ছিলেন দর্শকের কাতারে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ফর্মে ফেরেন মাশরাফি। যদিও প্রথমদিকে তিনি ভালো করতে পারেননি। বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রাথমিক দলে রয়েছেন মাশরাফি। বিশ্বকাপে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮০৯ ঘ.