ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো হাঁটুতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ফলে বিশ্বকাপে তার খেলা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় খেলার জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ছিলেন তিনি। বিশ্বকাপে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন।
প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলায় মঙ্গলবার বিকেএসপি'র বিপক্ষে আবাহনীর হয়ে ব্যাট করছিলেন মাশরাফি। রান নিতে গিয়ে আচমকা মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
পরে মাশরাফিকে নিয়ে যাওয়া হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেখানে তার চিকিৎসা করেন অধ্যাপক এম আলী।
তিনি বলেন, "পেশির শক্তির ওপর ভর করে হয়তো তিনি খেলতে পারবেন। কিন্তু এজন্য চার সপ্তাহ পায়ের পরিচর্যা করতে হবে। আর অস্ত্রোপচার করতে হলে আরো বেশি সময় তাকে থাকতে হবে মাঠের বাইরে। সেই সঙ্গে চালিয়ে যেতে হবে পরিচর্যা।"
এমআরআই রিপোর্ট দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া বিষয়ক চিকিৎসক মনিরুল আমিন জানান, মর্তুজার ডান হাঁটুর লিগামেন্ট আংশিক ছিড়ে গেছে। এর আগেও সেখানে অস্ত্রোপচার করা হয়েছিল।
তিনি বলেন, "চূড়ান্ত রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। তা পাওয়া যাবে বুধবার। এরপরই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। এছাড়া মেলবোর্নের অর্থপেডিক সার্জন ড. ডেভিড ইয়াংয়েরও পরামর্শ নেবো আমরা।"
এরই মধ্যে ডেভিডের সঙ্গে যোগাযোগ করেছেন মাশরাফি। ডেভিড তাকে সাইক্লিং করে চোট যাচাই করার পরামর্শ দিয়েছেন। এমআরআই রিপোর্ট দেখে পরামর্শ দেবেন ডেভিড।
২০০৯ সালের অগাস্টে মর্তুজার দু'হাঁটুতেই অস্ত্রোপচার করেন ড. ইয়াং। ওই বছরের জুলাইয়ে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই ডান হাঁটুতে চোট পান মর্তুজা।
ড. ইয়াংয়ের অস্ত্রোপচারের প্রায় এক বছর পর মাঠে ফেরেন মাশরফি। শ্রীলঙ্কায় এশিয়া কাপ ক্রিকেট, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে তিনি দলের নেতৃত্ব দেন। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম খেলায় গোড়ালিতে আঘাত পান। তাই পরের তিনটি খেলায় তিনি ছিলেন দর্শকের কাতারে।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ফর্মে ফেরেন মাশরাফি। যদিও প্রথমদিকে তিনি ভালো করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১১২ ঘ.
bdnews24