২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেটব্যাচ বরখাস্ত, নয়া কোচ রাইট

শেষ পর্যন্ত চাকরি হারালেন মার্ক গ্রেটব্যাচ। তার বদলে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব দেয়া হয়েছে জন রাইটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত চাকরি হারালেন মার্ক গ্রেটব্যাচ। তার বদলে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব দেয়া হয়েছে জন রাইটকে। আর নির্বাচকের দায়িত্ব হারিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। ভারত ও বাংলাদেশ সফরে দলের খেলা বিচার-বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (নিউজিল্যান্ড ক্রিকেট)। অচিরেই তার দায়িত্ব বুঝে নেবেন রাইট। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে পাঁচ বছর ভারতের ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ২০০৫ সালে। রাইট সাংবাদিকদের বলেন, "এই দায়িত্ব আমার কাছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ।" কোচের চাকরি হারালেও তিন সদস্যের নির্বাচক প্যানেলের আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে গ্রেটব্যাচকে। প্যানেলের অপর দুই সদস্য হলেন গ্লেন টার্নার ও ল্যান্স কেয়ার্নস। এ বছরের জানুয়ারিতে অ্যান্ডি মোলেসের কাছ থেকে দায়িত্ব নেন গ্রেটব্যাচ। তার চাকরি হারানোর মূল কারণ একদিনের খেলায় নিউজিল্যান্ড দলের বেহাল খেলা এবং বাংলাদেশ ও ভারতের কাছে সব খেলায় হার মানা। নির্বাচকের দায়িত্ব কেড়ে নেয়া হলেও দল নির্বাচনে কোচ ও অধিনায়কের পরামর্শ নেয়া হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নিউজিল্যান্ডের যখন ঘর গোছানোর কথা, তখন তারা হেরেছে টানা ১১টি একদিনের খেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৬ ঘ.