২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ের দ্বার প্রান্তে ভারত

শচীন টেন্ডুলকারের পঞ্চাশতম টেস্ট শতকের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের দ্বার প্রান্তে ভারত। চতুর্থ দিন শেষে দ্বিতীয় পালায় ৮ উইকেটে ৪৫৪ রান করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ৩০ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের পঞ্চাশতম টেস্ট শতকের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের দ্বার প্রান্তে ভারত। চতুর্থ দিন শেষে দ্বিতীয় পালায় ৮ উইকেটে ৪৫৪ রান করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ৩০ রান। টেন্ডুলকার ১০৭ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে শ্রীশান্ত ৩ রানে। প্রথম পালায় ১৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। জবাবে জ্যাক ক্যালিসের অপরাজিত দ্বি-শতক এবং হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে প্রথম পালায় ৪ উইকেটে ৬২০ রান তোলার পর দান ছেড়ে দেয় দ.আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় পালায় ২ উইকেটে ১৯০ রান নিয়ে রোববার ব্যাট করতে নামে ভারত। তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (২৮) ও ইশান্ত শর্মা (৭) ব্যাট করতে নামেন। নিজের খাতায় আরো ১৬ রান যোগ হওয়ার পর ডেল স্টেইনের বলে হাশিম আমলার হাতে ধরা পড়েন শর্মা। ব্যাট করতে নামেন টেন্ডুলকার। দলীয় ২৪২ রানে সাজঘরে ফিরে যান দ্রাবিড়। বোলার মরনে মরকেল। ১০৯ বলে ৪৩ রান করেন তিনি। ভিভিএস লক্ষণ (৮) ও সুরেশ রায়না (৫) তেমন সুবিধা করতে পারেননি। পরাজয় এড়ানোর জন্য লড়ে যেতে থাকেন টেন্ডুলকার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু'জনে মিলে ১৭২ রানের জুটি গড়ে তোলেন। মাত্র ১০ রানের জন্য নিজের পঞ্চম টেস্ট শতক বঞ্চিত হন ধোনি। স্টেইনের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। ১০৬ বলে খেলা তার ৯০ রানের ইনিংসে ছিল ১৪টি চারের মার। হরভজন সিং ১ রান করে ফিরে যান। স্টেইন ১০৩ রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়া পল হ্যারিস ২ উইকেট নেন। এজন্য তিনি ৮৮ রান খরচ করেন। তিনটি টেস্ট ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৩ ঘ.