ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ব্যাটসম্যান সালমান বাট আবারো ক্রিকেট মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত। যদিও তার বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
"স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত সন্দেহে বাট এবং পেস বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চতুর্থ টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছা করে নো-বল করেন আসিফ ও আমির। আর এতে নাটের গুরু ছিলেন সেই টেস্টের অধিনায়ক বাট।
তিনজনই এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে শুনানি হবে আগামী মাসে দোহায়। তখনই নির্ধারিত হয়ে যাবে তারা মাঠে ফিরতে পারবেন কি না।
স্কাই স্পোর্ট নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বাট বলেন, তার ক্রিকেট মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে যে কথা-বার্তা চলছে তা মিথ্যা প্রমাণিত হবে।
এভাবে তিনি চিন্তা-ভাবনা করছেন না বলেও জানান। বলেন, "আমি এখনো মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী। কেননা আমি জানি আমি কি করেছি।"
বাট বলেন, "ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে মাঠে ফিরিয়ে আনবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৫৮ ঘ.
bdnews24