২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশে

২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বাংলাদেশে। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক শেষে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বাংলাদেশে। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক শেষে একথা জানানো হয়। প্রতিযোগিতা শুরু হবে ১ মার্চ। শেষ হবে ১২ মার্চ। সব খেলা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল ২০০০ সালে। এসিসি'র প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "একাদশ এশিয়া কাপ হবে বাংলাদেশে। প্রতিযোগিতাটি ভালোভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আমাদের আস্থা রয়েছে।" প্রতিযোগিতায় অংশ নেবে চারটি টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এসিসি'র মিডিয়া ম্যানেজার শাহরিয়ার খান বলেন, "ভবিষ্যতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানো চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।" এই মুহূর্তে আফগানিস্তানই কেবল বিশ্বমানের ক্রিকেট খেলছে বলে মনে করেন তিনি। বলেন, "আমরা চাই আরো কয়েকটি দেশ এগিয়ে আসুক। তারা প্রস্তুত হলে আগামীতে আমরা প্রতিযোগীর সংখ্যা বাড়াবো।" এবার চীন এই প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিল। কিন্তু ক্রিকেট-অবকাঠামোর অভাবের কারণে দেশটিকে প্রতিযোগিতাটি আয়োজনের দায়িত্ব দেয়া হয়নি। এ প্রসঙ্গে আশরাফুল হক বলেন, "চীন যেখানে প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে, সেখানে ফ্লাডলাইট নেই। অথচ প্রতিযোগিতার সব খেলাই হবে দিন-রাতের।" এবারের এশিয়ান গেমসে ক্রিকেট খেলাগুলো হয় দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে। সেখানকার মাঠের সীমানা ৮০ মিটার। পিচ রয়েছে সাতটি। এর মধ্যে চারটি ব্যবহার করা হয় গেমসের ৩০টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের জন্য। আক্ষরিক অর্থেই গেমসের সব খেলাই হয় গুয়াংজুতে। তাই প্রতিযোগিতাটি গুয়াংজু এশিয়ান গেমস নামে পরিচিতি পায়। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ বছরের জুনে ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮১ রানে হারিয়ে শিরোপা জেতে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮২৭ ঘ.