ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় খেলায় ম্যাচ সেরা হয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। প্রথম খেলায় হেরে গেলেও তার ঘূর্ণি জাদুতেই সিরিজে ২-১ এ এগিয়ে যায় বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে হ্যাট্রিক করে রেকর্ড গড়েন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ৪-০ তে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনে জিম্বাবুয়ে। প্রথম খেলায় ৯ রানে হারে বাংলাদেশ।
তবে দ্বিতীয় খেলাতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় তারা। আর এতে বড় ভূমিকা রাখেন রাজ্জাক। এই খেলাতেই তিনি ক্রিকেট জীবনের প্রথম হ্যাট্রিক পেয়ে যান। রাজ্জাকের পরপর তিন বলে সাজঘরে ফিরে যান প্রসপার উতসেয়া, রে প্রাইস ও ক্রিস এমপোফু। ৯ ওভার ২ বল করে ৫ উইকেট নেন তিনি। দু'টি মেডেনসহ রান দেন ৩০।
তৃতীয় খেলায় মাত্র ২৯ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে যে ধাক্কা দেন রাজ্জাক তা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। খেলায় ৬৫ রানে জিতে বাংলাদেশ। ১০ ওভার বল করে দু'টি মেডেনসহ মাত্র ১৪ রান দেন রাজ্জাক। আর তুলে নেন ৪ উইকেট।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার বলেন, চলমান সিরিজে আব্দুর রাজ্জাকই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন । সে এই সিরিজে এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন। যার বেশির ভাগই ইনিংসের শুরুতে।
বুচার আরো বলেন, "বল হাতে রাজ্জাকই ম্যাচ জেতাচ্ছে। আমাদের বোলাররাও কার্যকর। তবে তারা ম্যাচ জেতানোর মত খেলতে পারছে না। তাই আমার মনে হয় রাজ্জাকই আসলে পার্থক্য গড়ে দিচ্ছে।"
একদিনের খেলায় এ পর্যন্ত ১১০টি ম্যাচ খেলে ১৬২টি উইকেট পেয়েছেন রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১৬ ঘ.
bdnews24