২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ উইকেট তৈরি করলে হিতে-বিপরীত হবে: দ্রাবিড়

টেস্ট সিরিজের জন্য সবুজ উইকেট বানানোর ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে সাবধান করে দিয়েছেন ভারতের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট সিরিজের জন্য সবুজ উইকেট বানানোর ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে সাবধান করে দিয়েছেন ভারতের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তিনি বলেন, এ ধরনের উইকেট তৈরি করলে তারা ভুল করবে। কেননা দক্ষিণ আফ্রিকার চেয়ে তার দেশের পেস আক্রমণ কম শক্তিশালী নয়। টেস্ট সিরিজের প্রস্তুতি নেয়ার জন্য দ্বিতীয় দফায় ভারতের যে কয়জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা গেছেন তাদের মধ্যে দ্রাবিড় একজন। তিনি বলেন, ফাস্ট বোলিং-সহায়ক উইকেটকে কাজে লাগানোর সামর্থ্য তার দেশের সিম বোলারদের আছে। ভারতের কোচ গ্যারি কার্স্টেনের ক্লেয়ারমন্ট ক্লাব একাডেমিতে দ্রাবিড় বলেন, "তিন ম্যাচের টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমি মনে করি, পুরো সিরিজে জহির খান, ইশান্ত শর্মা ও শ্রীশান্ত খেলার মতো সুস্থ থাকলে আমরা অনেক ভালো করবো।" এছাড়া দক্ষিণ আফ্রিকা যদি পেস বোলিং-সহায়ক উইকেট তৈরি করে তাহলে তা হিতে বিপরীত হবে বলে তিনি সাবধান করে দেন। স্পোর্ট২৪-কে দ্রাবিড় বলেন, "বিশেষ করে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। তাই তাদের হারানোর জন্য আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।" ভারত এই সিরিজে হারবে বলে যে ধারণা করা হচ্ছে তার সঙ্গে একমত নন এই কপি-বুক ব্যাটসম্যান। বলেন, "গত চার-পাঁচ বছর ধরে দেখিয়ে আসছি যে আমরা সবখানে খেলতে পারি। আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভালো করেছি। এমনকি, আগেরবার দক্ষিণ আফ্রিকা সফরে আমরা একটি টেস্টও জিতেছি।" সুরেশ রায়না ও গৌতম গম্ভিরের মতো খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট ম্যাচ খেলেননি। কিন্তু দ্রাবিড় বলছেন, নতুন প্রজন্মের ভারতীয় খেলোয়াড়রা বিদেশের মাটিতে সফল হওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭০৫ ঘ.