ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খারাপ আবহাওয়া ও বৃষ্টির জন্য শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জানুয়ারির শেষদিক পর্যন্ত স্থগিত করা হয়েছে।
হাম্বানটোটায় বৃহস্পতিবার প্রথম একদিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই ঘোষণা দেয়া হয়। এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড সিরিজ স্থগিত রাখার ব্যাপারে একমতে পৌঁছায়।
ওয়েস্ট ইন্ডিজ দল শুক্রবার দেশের উদ্দেশে শ্রীলঙ্কা ত্যাগ করবে।
সিরিজের প্রথম দু'টি খেলা বৃহস্পতি ও শনিবার হাম্বানটোটায় হওয়ার কথা ছিল। কিন্তু অবিরাম বৃষ্টির জন্য কোনো দলই মাঠে অনুশীলন করতে পারেনি। যদিও তিনদিন আগে সেখানে পৌঁছায় উভয় দল।
বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হচ্ছে, নতুন করে খেলার দিনক্ষণ ঠিক করা নিয়ে আলাপ-আলোচনা করছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ কথা নাকচ করে দিয়েছে।
আর ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
আগেরদিন বুধবার শ্রীলঙ্কা ক্রিকেটের এক মুখপাত্র জানান, দুই বোর্ডই প্রাথমিকভাবে সিরিজ স্থগিত করতে রাজি হয়েছে। বোর্ডের মিডিয়া ম্যানেজার ব্রায়ান টমাস জানান, আবহাওয়ার উন্নতি হয় কি না, তা দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়। এ কারণে দেরি হয় সিরিজ স্থগিত করার ঘোষণা দিতে।
বৃষ্টির জন্য তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রত্যেকটিতে খেলোয়াড়রা বেশিরভাগে সময় কাটিয়েছেন সাজঘরে।
সিরিজ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে জঘন্য সিরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫২ ঘ.
bdnews24