ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। অ্যাডিলেড টেস্টের দুই পালায় রান না পাওয়ায় ২০০১ সালের পর এই প্রথম তার র্যাঙ্কিং ২০-এর নিচে নেমে গেল।
টেস্টের প্রথম পালায় প্রথম বলেই পন্টিং সাজঘরে ফেরেন শূন্য রানে। তাকে যিনি আউট করেছেন, সেই জেমস অ্যান্ডারসন ভারতের জহির খানকে পেছনে ফেলে বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিন নম্বরে। এর আগে তিনি আর কখনোই এতটা উপরে উঠে আসতে পারেননি।
র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার ডেল স্টেইনের সঙ্গে পয়েন্টের পার্থক্য কমিয়ে এনেছেন গ্রায়েম সোয়ানও। এখন মাত্র ১৪ পয়েন্ট পেছনে রয়েছেন তিনি। পার্থ ও মেলবোর্নে ভালো খেললে র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করার সম্ভাবনা আছে তার।
স্টেইনের সামনেও সুযোগ রয়েছে তার অবস্থান সুসংহত করার। কেননা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। সিরিজ শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম পালায় ৬২০ রান তোলার পর অস্ট্রেলিয়ার বোলাররা যে র্যাঙ্কিংয়ে নিচে নেমে যাবেন তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। চার ধাপ নিচে নেমে গেছেন ডোগ বোলিঞ্জার। তিনি এখন আছেন ১৩ নম্বরে। তিন ধাপ নিচে নেমে ১৭ নম্বরে আছেন পিটার সিডল।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছেন জোনাথন ট্রট। আর অ্যালিস্টার কুক উঠে এসেছেন ১৩ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৩ ঘ.
bdnews24