ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউসুফ পাঠানের অপরাজিত শতকের (১২৩ রান) সুবাদে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। জয়ের লক্ষ্য ৩১৬ রান টপকে ৩২১ এ পৌঁছে যায় তারা ৫ উইকেটে। তখনো হাতে ছিল ৭ বল।
প্রথমে ব্যাট করে জেমস ফ্রাঙ্কলিনের ঝড়ো ব্যাটিংয়ের ভর করে চতুর্থ একদিনের খেলায় নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ৩১৫। মাত্র দুই রানের জন্য একদিনের ক্রিকেট-জীবনে ফ্রাঙ্কলিন তার প্রথম শতক থেকে বঞ্চিত হন। ৬৯ বল খেলে করেন ৯৮ রান। তিনি তার ইনিংসটি সাজান ১২টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
ব্যাঙ্গালোরে মঙ্গলবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গৌতম গম্ভির ও পার্থিব প্যাটেল পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। মাত্র ৯ ওভার ৪ বলে ৬৭ রান করেন তারা। অ্যান্ডি ম্যাককের বলে মার্টিন গুপটিলের হাতে ধরা পড়ার আগে গম্ভির করেন ২৭। তার ২৪ বলের ইনিংসে চার রয়েছে চারটি।
এরপরই পথ হারিয়ে ফেলে ভারত। দলীয় ৬৮ রানের মাথায় বিদায় নেন বিরাট কোহলি (০), ১০৩ রানের মাথায় যুবরাজ সিং (২০) ও ১০৮ রানের মাথায় সাজঘরের পথ ধরেন প্যাটেল। নাথান ম্যাককালামের বলে বদলি খেলোয়াড় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়ার আগে প্যাটেল করেন ৫৩। তার ৫৭ বলের ইনিংসে চার রয়েছে আটটি।
এ অবস্থায় দলের হাল ধরেন রোহিত শর্মা ও পাঠন। দলের সঙ্গে ৮০ রান যোগ করে কিছুটা হলেও পথে ফিরিয়ে আনেন ভারতকে। ১৮৮ রানের মাথায় ৪৪ রান করে টিম সাউদির বলে নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির হাতে ধরা পড়েন শর্মা।
এরপর আর পেছন ফিরে তাকাতে দেননি পাঠান ও তিওয়ারি। বৃষ্টি নামার আগে ৬ষ্ঠ উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ১৫। বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর তারা যোগ করেন আরো ১১৮ রান। সেই সঙ্গে দলকে জয় উপহার দিয়ে সাজঘরে ফেরেন তারা।
অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে পাঠান ১২৩ রান করেন ৯৬ বলে। তিনি তার হার না মানা ইনিংসটি সাজান সাতটি চার ও সাতটি ছক্কা দিয়ে। পাঠান তার একদিনের ক্রিকেট-জীবনের প্রথম শতকে পৌঁছান ৭৯ বলে সাতটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে। তার সঙ্গী তিওয়ারি অপরাজিত থাকেন ৩৭ রানে। তার ৩৯ বলের ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছক্কা।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন নাথান ম্যাককালাম ও ম্যাককে। এ জন্য ম্যাককালামের খরচ হয় ৩৮ রান। ম্যাককে দেন ৬৩।
সকালে টস জিতে গম্ভির ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। বেশ ভালোই শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান গুপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। রান তুলতে থাকেন দ্রুত গতিতে। ৬২ রান করেন মাত্র ৮ ওভার ৪ বলে। আশিষ নেহরার বলে যুবরাজ সিংয়ের হাতে ধরা পড়ার আগে গুপটিল করেন ৩০। তার ২৫ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি।
ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ও থেমে যায় ৯১ রানের মাথায়। রবিচন্দ্রন অশ্বিনের বলে শর্মার হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪২ রান করেন ৪২ বলে। দড়ির ওপারে বল পাঠান তিনি আটবার ও হাওয়ায় ভাসিয়ে একবার।
এর আগে ৭০ রানের মাথায় আবারো আঘাত হানেন নেহরা। তার বলে হাউ (৪) ধরা পড়েন ইউসুফ পাঠানের হাতে।
চতুর্থ উইকেট জুটিতে রস টেলর ও স্কট স্টাইরিস দলের সঙ্গে যোগ করেন ৭৯। এতে নিউজিল্যান্ডের অবস্থা কিছুটা হলেও সুসংহত হয়। সেই সঙ্গে তারা হাঁটতে থাকে বড় স্কোরের পথে। ১৭০ রানের মাথায় ৪৬ রান করে পাঠানের বলে তিওয়ারির হাতে ধরা পড়েন স্টাইরিস। তার ৪৮ বলের ইনিংসে চার রয়েছে তিনটি ও ছক্কা একটি।
অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে টেলর বিদায় নেন ২১০ রানের মাথায়। ৭৩ বলে তিনটি চারের সাহায্যে রান করেন তিনি ৪৪।
দলীয় ২৪৯ রানের মাথায় ভেট্টোরি (১৭) ও ২৫১ রানের মাথায় কাইল মিলস (১) বিদায় নেন। তবে রানের চাকা থামেনি নিউজিল্যান্ডের।
এর আগে মাঠে নেমেই মেরে খেলতে থাকেন ফ্রাঙ্কলিন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় তোলা শুরু করেন তিনি। সেই ঝড় থামাতে পারেননি ভারতের বোলাররা। বরং উড়ে যান তারা। ইনিংসের শেষ ওভারে ২২ রান নেয় নিউজিল্যান্ড। এর মধ্যে দু'টি ছক্কা ও দু'টি চারের সাহায্যে ২১ রান নেন ফ্রাঙ্কলিন। এতে নিউজিল্যান্ডের রান তিন শ' ছাড়িয়ে যায়।
ভারতের বোলারদের মধ্যে পাঠান ৩ উইকেট নেন ৪৯ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন অশ্বিন ও নেহরা। এ জন্য অশ্বিনের খরচ হয় ৬৬ রান। আর নেহরা রান দেন ৭০।
প্রথম তিনটি খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে ভারত।
পঞ্চম একদিনের খেলা হবে ১০ ডিসেম্বর চেন্নাইয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০০৪ ঘ.
bdnews24