২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়ানের বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে জয়

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭১ রানে জিতেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 07:19 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭১ রানে জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম পালার ২৪৫ রানের জবাবে ইংল্যান্ড ৫ উইকেটে ৬২০ রান তুলে দান ছেড়ে দেয়। ফলে ৩৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে গ্রায়েম সোয়ানের মারাত্মক বোলিংয়ের মুখে খেলার পঞ্চম ও শেষদিন মধ্যাহ্ন-বিরতির আগেই ইংল্যান্ড গুটিয়ে যায় ৩০৪ রানে। অ্যাডিলেড ওভালে ৪ উইকেটে ২৩৮ রান নিয়ে মঙ্গলবারের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান মাইক হাসি তার ৪৪ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৫২ তে। দলীয় ২৬১ রানের মাথায় স্টিভেন ফিনের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। তার ১০৭ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি ও ছক্কা একটি। এরপর দলের সঙ্গে ২৫ রান যোগ হওয়ার পর ২৮৬ রানের মাথায় সাজঘরের পথ ধরেন তিন ব্যাটসম্যান, ব্রাড হ্যাডিন (১২), রায়ান হ্যারিস (০) ও মার্কাস নর্থ (২২)। দলীয় ২৯৫ রানের মাথায় জাভিয়ের ডোহারটি (৫) বোল্ড হন সোয়ানের বলে। ৩০৪ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান পিটার সিডল (৬)। তখন অন্য প্রান্তে ডোগ বোলিঞ্জার ৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সোয়ান ৫ উইকেট নেন ৯১ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ফিন। এ জন্য অ্যান্ডারসনের খরচ হয় ৯২ রান। আর ৬০ রান দেন ফিন। এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর পার্থে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩০ ঘ.