২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ব্যাটে বাংলাদেশের ২০০ পার

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৫ উইকেটে ২০২ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ৭১ ও নাইম ইসলাম ৫ রানে ব্যাট করছেন। মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। খেলার প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে খালি হাতে ফেরান ক্রিস এমপফু। তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। দলীয় চতুর্থ ওভারের প্রথম বলে ১ রান করা জুনায়েদ সিদ্দিকী প্রসপের উতসেয়ার হাতে ক্যাচ তুলে দেন। বোলার মাসাকাদজা। দলীয় রান ৫। খেলে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। সঙ্গী রকিবুল হাসান। রকিবুলকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান উতসেয়া। দলীয় ৭১ রানের মাথায় সাজঘরে ফেরেন কায়েস। উতসেয়ার বলটি কায়েসের গ্লভসে লেগে উপরে উঠে গেলে চমৎকারভাবে তা ধরে ফেলেন উইকেটরক্ষক তাতেন্দা তাইবু। কায়েস ৬১ বল খেলে ৩৩ রান করেন। চাপে থাকা বাংলাদেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেন সাকিব। মুশফিকুর রহিমকে সঙ্গী করে খেলে যেতে থাকেন তিনি। দু'জনে মিলে ১৩৬ বলে ১১৬ রানে জুটি গড়ে তোলেন। এর মধ্যেই সাকিব তার ১৭ তম ও মুশফিকুর তার সপ্তম একদিনের অর্ধশতক তুলে নেন। উতসেয়ার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেন মুশফিকুর। ৭৩ বলে খেলা তার এই ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার। তৃতীয় খেলাটি দিন-রাত্রির হওয়ার কথা থাকলেও ফ্লাড লাইটে ত্র"টির কারণে তা সকাল ৯টায় শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১২০৬ ঘ.