২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের হ্যাট্রিকে সহজ জয়, সিরিজে সমতা

মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ৬২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 06:02 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ৬২ বল। এই খেলায় আব্দুর রাজ্জাক তার একদিনের ক্রিকেট-জীবনে প্রথম হ্যাট্রিক করেন। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৪৬ ওভার ২ বলে করে ১৯১। রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ১৯২ টপকে বাংলাদেশ পৌঁছে যায় ১৯৪ রানে। এই খেলায় বাংলাদেশ জেতায় ১-১ এ সমতা ফিরলো সিরিজে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৬ রানের মাথায় ক্রিস এমপোফুর বলে উইকেটরক্ষক তাতেন্দা তাইবুর হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। ১৩ বলে ১০ রান করেন তিনি। ভালোই খেলছিলেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। দ্বিতীয় উইকেট জুটিতে তিনি ও জুনায়েদ সিদ্দিকী দলের সঙ্গে যোগ করেন ৪৯। কিন্তু ৭৫ রানের মাথায় রে প্রাইসের বল তুলে মারতে গিয়ে এমপোফুর হাতে ধরা পড়েন তামিম। ৪৮ বলে ৪৪ রান করেন তিনি। সীমানার ওপারে বল পাঠান পাঁচবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে পাঠান দু'বার। এরপর জুনায়েদ সিদ্দিকী ও রকিবুল হাসান ৭২ রানের জুটি গড়ে তোলেন। ১৪৭ রানের মাথায় প্রাইসের বলে তাইবুর হাতে ধরা পড়ার আগে জুনায়েদ তার একদিনের ক্রিকেট-জীবনের পঞ্চম অর্ধ-শতক আদায় করে নেন। ৮৩ বল খেলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন তিনি। তবে খেলে যেতে থাকেন রকিবুল। ৭৯ বলে ৬৫ রান করে কিথ দাবেঙ্গোয়ার বলে স্ট্যাম্পড হন তিনি। তখন দলের রান ছিল ১৮৭, জয় থেকে মাত্র ৫ রান দূরে। এটা রুবেলের অষ্টম অর্ধশতক। এরপর আর কোনো অঘটন ঘটেনি। কিগান মিথের বলে চার মেরে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তিনি ৭ ও অধিনায়ক সাকিব আল হাসান ৯ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে প্রাইস ২ উইকেট নেন ৪১ রানে। সকালে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। খেলার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবা (১)। বোলার ছিলেন শফিউল ইসলাম। তবে খেলে যেতে থাকেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্রেন্ডন টেইলর। তিনি ও রেগিস চাকাবা দ্বিতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন ৪০। দলীয় ৫০ রানের মাথায় সাকিবের বলে রকিবুলের হাতে ধরা পড়েন টেইলর। ৩২ বলে ২৮ রান করেন তিনি। চার মেরেছেন চারটি। দলের সঙ্গে আর ৬ রান যোগ হওয়ার পর টেইলরের পথ ধরেন চাকাবাও (২১)। আব্দুর রাজ্জাকের বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় মুশফিকের হাতে। চাকাবাও বেরিয়ে গিয়েছিলেন পপিং ক্রিজ ছেড়ে। জায়গায় ফেরার আগেই তার স্ট্যাম্প ভেঙ্গে দেন মুশফিক। ফলে পথ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এ অবস্থায় দলকে পথে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে থাকেন দাবেঙ্গোয়া ও তাইবু। ৪৮ রানের জুটি গড়ে এ কাজে কিছুটা সফলও হন তারা। কিন্তু ১০৪ রানের মাথায় ৩০ রান করে সাকিবের বলে তার হাতে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন দাবেঙ্গোয়া। দলীয় ১১৪ রানের মাথায় তাইবু (২১) ও ১৩২ রানের মাথায় অধিনায়ক এলটন চিগুম্বুরা (৭) বিদায় নিলে পথে ফেরা আর হয়ে ওঠেনি জিম্বাবুয়ের। এরপরই সাজঘরের পথ ধরতে পারতেন ক্রেগ এরভিন। দ্রুত রান নিতে গিয়ে ইমরুল কায়েসের সরাসরি বল নিক্ষেপে উইকেট ভেঙ্গে যায় তার প্রান্তের। রান-আউটের আবেদন করেন বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার অশোকা ডি সিলভা তা এড়িয়ে যান। যদিও টেলিভিশন-রিপ্লেতে দেখা যায় রান-আউট ছিলেন এরভিন। তখন তার ব্যক্তিগত রান ছিল ২০। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪২ রানে। এর আগে দলের ১৮৯ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে নাইম ইসলামের হাতে ধরা পড়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন প্রসপার উতসেয়া। ২৭ বলে ৩২ রান করেন তিনি। দলের সঙ্গে ১ রান যোগ হতেই ফিরে যান কিগান মেথ। হিসেবের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর শুধু রাজ্জাকেরই গল্প। নবম ওভারের শেষ বলে তিনি নিয়েছিলেন উতসেয়ার উইকেট। দশম ওভারের প্রথম বলেই প্রাইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। দ্বিতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার হন ক্রিস এমপোফুও। সেই সঙ্গে হ্যাট্রিক পেয়ে যান রাজ্জাক। রাজ্জাক ৫ উইকেট নেন ৩০ রানে। ৩৯ রানে ৪ উইকেট নেন সাকিব। অন্য উইকেটটি নেন শফিউল ইসলাম। এ জন্য তার খরচ হয় ২৮ রান। এটা ছিল সাকিবের শততম একদিনের ম্যাচ। বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয় দু'টি। বাদ দেয়া হয় মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদকে। তাদের জায়গায় খেলানো হয় রকিবুল ও নাইমকে। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় খেলা হবে ৬ ডিসেম্বর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/টিআর/১৭৫৫ ঘ.