ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার নতুন মাঠ পালেকেলেতে বুধবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট।
এ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার নতুন অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে শ্রীলঙ্কায় নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই এসেছে তারা। গল ও কলম্বোতে প্রথম দু'টি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়।
তৃতীয় টেস্টেও বাগড়া হয়ে দেখা দিতে পারে বৃষ্টি। কলম্বোতে দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে হয় বৃষ্টির কারণেই। সেই শঙ্কা রয়েছে পালেকেলেতেও।
দুই টেস্টেই রান পেয়েছেন উভয় দলের ব্যাটসম্যানরা। প্রথম টেস্টে ত্রি-শতক হাঁকান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। দ্বিতীয় টেস্টে ১৫০ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
নতুন মাঠের উইকেট নিয়ে দু'দলের মধ্যেই রয়েছে প্রশ্ন ও শঙ্কা। কাজেই টস নিয়ে ভাবনায় আছেন সামি ও সাঙ্গাকারা, দ'জনই।
পিচ কিউরেটর অবশ্য আশ^াস দিয়েছেন, মানসম্পন্ন টেস্ট উইকেটই তৈরি করা হয়েছে। সমান সুযোগ পাবেন ব্যাটসম্যান ও বোলার, উভয় পক্ষই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫০ ঘ.
bdnews24