ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরে বুধবার ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের খেলা। গৌহাটিতে প্রথম খেলায় জিতে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
প্রথমবারের মতো দলের নেতৃত্ব দিতে নেমেই জয় পেয়েছেন গৌতম গম্ভির। এবার সেই ব্যবধান বাড়াতে চান তিনি।
দ্বিতীয় খেলার আগে ভারতীয় দলে আত্মবিশ^াসের অভাব নেই। অধিনায়ক গম্ভিরের গলাতেও সেই সুর, "প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলতে চাই আমরা। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আরো উন্নতি করার সুযোগ রয়েছে। জয়পুরে আমরা সেটাই দেখাতে চাই।"
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় খেলায় তিন শ'র বেশি রান করতে চান গম্ভির। বলেন, "প্রথমে ব্যাট করার সুযোগ পেলে আমরা তিন শ'র বেশি রান করতে চাই। কারণ রাতে শিশির সমস্যায় ফেলতে পারে। বড় রানের পুঁজি থাকলে বোলাররা বল করার সময় চাপ অনুভব করবেন না।"
প্রথম খেলায় জয়ী দলে পরিবর্তন আনার কথা ভাবছে না ভারত। গৌহাটির দলটিকেই মাঠে নামানো হচ্ছে। এর অর্থ ঋদ্ধিমান সাহা এবং ইউসুফ পাঠানকে আরেকবার সুযোগ দেয়া হচ্ছে। প্রথম খেলায় শতক হাঁকান বিরাট কোহলি। ব্যাট ও বল হাতে সফল হন যুবরাজ সিং।
এদিকে পিঠ ব্যথার কারণে প্রখম ম্যাচে খেলেননি নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এবং মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। কোচ মার্ক গ্রেটব্যাচ জানিয়েছেন, জয়পুরে খেলতে পারেন দু'জনই। মঙ্গলবার অনুশীলনও করছেন তারা। তবে প্রথম খেলায় চোট পাওয়ায় ডারেল টাফিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
জয়পুরের উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে দিন-রাতের খেলা বলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যে দল টস জিতবে সেই দলই প্রথমে ব্যাট করতে চাইবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৯ ঘ.
bdnews24