ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলে জায়গা হচ্ছে না মোহাম্মদ ইউসুফের। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন আর তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না। পাশাপাশি ফিটনেসেরও অভাব রয়েছে তার মধ্যে।
কিছু দিনের মধ্যে পাকিস্তান বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহসিন খান একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনা এরই মধ্যে সেরে ফেলেছেন।
ইউসুফকে দলে নেয়ার কোনো দরকার নেই বলে তিনজনই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তার ফিটনেসের অভাব রয়েছে। ইউসুফের বদলে তরুণ খেলোয়াড়কে নিতে চান আফ্রিদি ও ওয়াকার। দু'জনেরই নজর কেড়েছেন তরুণ ব্যাটসম্যান আসাদ শফিক।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে আগামী বছর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়।
সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে নেয়া হয়েছিল ইউসুফকে। কিন্তু চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি।
৯০ টেস্টে ৫২.২৯ গড়ে ৭,৫৩০ রান করেছেন ইউসুফ। এর মধ্যে শতক রয়েছে ২৪টি। ২৮৮টি একদিনের খেলায় রান করেছেন ৯,৭২০। গড় ৪১.৭১। কিন্তু গত আটটি একদিনের খেলায় একটিও অর্ধ-শতক হাঁকাতে পারেননি তিনি। আর ১৫টি শতকের শেষটি করেছিলেন লাহোরে, ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৫০ ঘ.
bdnews24