ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
ইংল্যান্ডের প্রথম পালার ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ৪৮১। ফলে ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নামে ইংল্যান্ড। খেলার পঞ্চম ও শেষদিন এক উইকেটে ৫১৭ রান করে দান ছেড়ে দেয় তারা। এটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় পালায় সর্বোচ্চ রান।
জেতার জন্য ৪১ ওভারে ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৬ ওভারে এক উইকেটে ১০৭ রান তোলে। এরপর দুই অধিনায়কের সম্মতিতে আম্পায়াররা খেলার ইতি টানেন।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড এক উইকেটে ৩০৯ রান নিয়ে সোমবার পঞ্চমদিনের খেলা শুরু করে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট, দু'জনে মিলে ৩২৯ রান যোগ করেন দলের রানের সঙ্গে। অস্ট্রেলিয়ার মাটিতে সে দেশের বিপক্ষে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের জুটি।
১৩২ রান নিয়ে খেলা শুরু করে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের দান ছেড়ে দেয়ার সময় কুক ২৩৫ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ৪২৮ বলের ইনিংসটি সাজান ২৬টি চার দিয়ে। আর টেস্ট-জীবনের প্রথম দ্বি-শতকে পৌঁছান ৩৬১ বলে ২২টি চারের সাহায্যে।
ট্রট ৫৪ রান নিয়ে খেলা শুরু করে আদায় করে নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় শতক। দান ছেড়ে দেয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ১৩৫ রানে। ট্রটের ২৬৬ বলের ইনিংসে চার ১৯টি।
আগেরদিন স্ট্রাউস করেন ১১০। ফলে অ্যাশেজ সিরিজে এই প্রথম এক ইনিংসে ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান শতক হাঁকালেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ধাক্কা খায় দলীয় ৫ রানের মাথায়। উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ সাজঘরে ফিরে যান ৪ রান করে।
এরপর আর কোনো অঘটন ঘটেনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় পালায়। আম্পায়ারদের খেলা শেষের ঘোষণা দেয়ার সময় অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ৪১ ও অধিনায়ক রিকি পন্টিং ৫১ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এক উইকেট নেন ১৮ রানে।
দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর অ্যাডিলেডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৩০ ঘ.
bdnews24