২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২ রানে পিছিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে হাসি ও হাডিনের শতকের সুবাদে অস্ট্রেলিয়া ২০২ রানে এগিয়ে আছে। তৃতীয় দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে তোলে ৪৮১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে হাসি ও হাডিনের শতকের সুবাদে অস্ট্রেলিয়া ২০২ রানে এগিয়ে আছে। তৃতীয় দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে তোলে ৪৮১ রান। ষষ্ঠ উইকেটে দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল হাসি ও ব্রাড হাডিন শতক হাঁকিয়ে অনবদ্য ৩০৭ রানের জুটি গড়ে দলের জন্য বড় রানের সংগ্রহ এনে দেন। দ্বি-শতক থেকে মাত্র ৫ রান দূরে থাকা হাসি ১৯৫ রানে ফিনের বলে কুকের হাতে ধরা পড়েন। ব্যক্তিগত ১৩৬ রানে সাজঘরে ফিরে যান হাডিন। তিনি সোয়ানের বলে ক্যাচ তুলে দেন পল কলিংউডের হাতে। হাসি আউট হলে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। পরে অন্য কোনো অজি ব্যাটসম্যান ইংলিশ বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি। আসা যাওয়া করেই একরকম দায়িত্ব সারেন বাকি ব্যাটসম্যানরা । স্টিভেন ফিন ১২৫ রান দিয়ে শিকার করেন ৬টি উইকেট। ৯৯ রান খরচায় জেমস অ্যান্ডারসন ও ১২৮ রানের বিনিময়ে গ্রায়েম সোয়ান নেন ২টি করে উইকেট। শুক্রবার বৃষ্টি এবং আলোর স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম পালায় ২২০ রান তুলেছিল ৫ উইকেট হারিয়ে। নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে শনিবার আধা-ঘন্টা আগেই খেলা শুরু হয়। তৃতীয় দিনের শেষ বেলায় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে করেছে ১৯ রান। উইকেটে রয়েছে ১১ রান নিয়ে অ্যান্ড্রু স্ট্রাউস এবং অপর প্রান্ত আগলে আছেন অ্যালিস্টার কুক, তার সংগ্রহ ৬ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল। হ্যাট্রিকসহ অজি পেসার পিটার সিডল পেয়েছিলেন ৫৪ রানে ৬ উইকেট। ফলে সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২০২ রানে। তবে হাতে আছে ১০টি উইকেটই। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর, অ্যাডেলেইডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৪৭ ঘ.