২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিন্তায় পড়লেও জয় এনে দিল সাব্বির: আশরাফুল

গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। আর এই সোনা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। আর এই সোনা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল বলেন, "একটা সময় আমি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর সাব্বির এলো এবং আমাদের জন্য জয় নিয়েই ফিরলো।" চাপে ছিলেন কিনা জানতে চাইলে আশরাফুল বলেন, "যেহেতু আফগানিস্তান ভালো দল এবং এটা আমাদের প্রথম কোনো বড় প্রতিযোগিতার ফাইনালে খেলা তাই কিছুটা চাপের মধ্যে ছিলাম।" ম্যাচ জয়ের নায়ক সাব্বির রহমান বলেন, "১৯তম ওভারের আগে আমি নাঈমের সাথে কথা বলি এবং আমরা ইতিবাচক খেলার সিদ্ধান্ত নেই। আমার সৌভাগ্য যে সেটা করতে পেরেছি। আমার ওপর কোনো চাপ ছিল না। তবে এটা ঠিক যে সাজঘরে আমার সতীর্থরা দুশ্চিন্তায় ছিল।" বাংলাদেশ দলের কোচ ইমরান সারওয়ার বলেন, "আমরা আনন্দ উদযাপন করছি। তবে আমার মনে হয় আফগানিস্তানও আনন্দ করবে। কারণ তারা যোগ্য দল হিসেবেই রুপা জিতেছে।" "আফগানিস্তান খুবই ভালো দল। আমি নিশ্চিত খুব তাড়াতাড়িই তারা ক্রিকেটের প্রথম সারির দলে পরিণত হবে। তাদের উন্নতি সত্যিই লক্ষণীয়।" কোচ আরো বলেন, "এটাকে কোনোভাবেই সহজ জয় বলা যাবে না। আমরা তাদের ১০০ বা ১১০ এর মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। কিন্তু তারা ১১৮ করেছে এবং খেলার শেষ পর্যন্ত তারা আমাদের চাপে রেখেছিল।" এশিয়ান গেমসে এখন পর্যন্ত ক্রিকেটেই সেরা সাফল্য পেল বাংলাদেশ। ছেলেদের বিভাগে সোনা জয়ের পাশাপাশি এবার মেয়েদের ক্রিকেটে রুপা পেয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৪৩ ঘ.