ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুব সহজ-সরল পরিকল্পনা। ঘরের মাঠে সফরকারী ভারতকে টেস্ট সিরিজে ঘায়েল করার জন্য পেস আক্রমণকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেটা সাফ জানিয়ে দিলেন দলের কোচ কোরি ভ্যান জিল।
সদ্যই আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ফিরেই এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে তার টেস্ট প্ল্যান জানিয়ে দিলেন ভ্যান জিল। বলেছেন, "আমরা আমাদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ীই পিচ বানাবো। সবাই জানে আমাদের পেস আক্রমণ শক্তিশালী। তাই পিচ তৈরিতে আমরা সে পথেই হাটব। যাতে থাকবে সবুজ ঘাস, গতি এবং বাউন্স। আর কে না জানে বাউন্স ভরা পিচে ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্থির কথা।"
দক্ষিণ আফ্রিকান কোচের পরিষ্কার বক্তব্য স্বাগতিক দেশ তাদের সুবিধা মতোই পিচ তৈরি করবে। এটা নিয়ে কোনো সমালোচনার মানে হয় না। কারণ তাদেরকেও ভারতে গেলে ঘুর্ণি উইকেটেই খেলতে হয়।
পেস বোলিং সহায়ক পিচে দক্ষিণ আফ্রিকা তাদের পেস বোলিংকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে। দুই ফাস্ট বোলার ডেল স্টেইন এবং মর্নে মর্কেলের সঙ্গে যোগ দেবেন লোনাবো সোতসোবে এবং ওয়েন পার্নেল। সঙ্গে থাকছেন অলরাউন্ডার জ্যাক ক্যালিসও।
স্পিনার হিসেবে থাকছেন সেই দুইজনই। অফ-স্পিনার জোহান বোথা এবং বাঁ-হাতি স্পিনার পল হ্যারিস। তবে এদের মধ্যে একজন খেলবেন টেস্ট সিরিজে। আবুধাবিতে বোথা এবং হ্যারিস দু'জনই পাকিস্তানের বিপক্ষে বেশ ভালো বোলিং করেছেন। তবে জিলের ভোট হ্যারিসের দিকেই। তবে চলতি মৌসুমে প্রথম শেণীর ক্রিকেটে পাকিস্তান বংশোদ্ভূত ইমরান তাহিরের দিকেও চোখ রয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের। তবে তারপরও স্বাগতিকদের প্রধান অস্ত্র থাকছে ফাস্ট বোলিংই।
দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে। কয়েকদিন বিশ্রাম নিয়েই তার জন্য অনুশীলনে নেমে পড়বে গোটা দল। কেবল অধিনায়ক গ্রায়েম স্মিথ ছাড়া। আঙুলের চোটের জন্য তিন টেস্টের সিরিজেই তিনি অনিশ্চিত হয়ে গেছেন। তবে আপ্রাণ চেষ্টা করছেন স্মিথ ভারতের বিপক্ষে খেলার জন্য।
তিন টেস্টের পর দুই দল একটি টি-টোয়েন্টি এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৭৫৯ ঘ.
bdnews24