ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেন টেস্টে জমে উঠেছে লড়াই। শুক্রবার বৃষ্টি এবং আলোর স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম পালায় ২২০ রান তোলে ৫ উইকেট হারিয়ে।
ইংল্যান্ডের প্রথম পালার চেয়ে ৪০ রান পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।
১৪৩ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান অভিজ্ঞ মাইকেল হাসি। তার অপরাজিত ৮১ রানের সুবাদেই ম্যাচে ফেরে দল। সঙ্গে ২২ রানে রয়েছেন উইকেটরক্ষক ব্রাড হাডিন।
দু'জনে ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে এখনো অবিচ্ছিন্ন আছেন। নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে শনিবার আধা-ঘন্টা আগে খেলা শুরু হবে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল। হ্যাট্রিকসহ অজি পেসার পিটার সিডল পেয়েছিলেন ৫৪ রানে ৬ উইকেট।
বেশ কিছুদিন ধরেই ব্যাটে রান নেই ৩৫ বছর বয়সী হাসির। এই টেস্ট খেলার আগে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ বল খেলে কোন রান পাননি। কিন্তু দ্বিতীয় পালায় করেন শতরান। সেই ধারাবাহিকতা দেখা গেল অ্যাশেজের প্রথম টেস্টে।
সাইমন ক্যাটিচ এবং শেন ওয়াটসন উদ্বোধনী জুটিতেই ৭৮ রান তুলে সুন্দর করেন। তার মধ্যে অবশ্য ক্যাটিচের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন আম্পায়ার রিভিউতে বাতিল হয়ে যায়।
মধ্যাহ্ন বিরতির আগে জুটি ভাঙ্গেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার বলে স্লিপে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে সাজঘরে ফেরেন ওয়াটসন।
চা বিরতির বেশ আগেই পড়ে যায় আরো চার উইকেট। অ্যান্ডারসন তার ওভারের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন অধিনায়ক রিকি পন্টিংকে। ১০ রান করে যান তিনি।
আরেক পেসার স্টিভেন ফিন নিজের বলে দারুণ ফিরতি ক্যাচ নিয়ে অর্ধ-শতক পুরণ করা ক্যাটিচকে ফিরিয়ে দেন। এটি ছিল ক্যাটিচের ২৫তম টেস্ট অর্ধ-শতক।
মাইকেল ক্লার্ক খেলেছেন ৫০ বল। মাত্র ৯ রান করে ফিনের বলেই তিনি ক্যাচ দেন উইকেটরক্ষক প্রায়রের কাছে। টেস্টে এটি ছিল তার শততম শিকার। এতে রয়েছে ৯৬ ক্যাচ এবং চারটি স্ট্যাম্পিং।
নড়বড়ে মার্কাস নর্থ উইকেটে ছিলেন ছয় মিনিট, খেলেছেন মাত্র ৮ বল। তাতে ১ রান করে স্পিনার গ্রায়েম সোয়ানের বলে স্লিপে পল কলিংউডের হাতে বল জমা দিয়ে ফেরেন সাজঘরে। ১৪৩ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন বিপাকে।
এরপর দলকে পথ দেখান হাসি এবং হাডিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৬৩৫ ঘ.
bdnews24