২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড প্রথম পালায় করলো ২৬০

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। প্রথম পালায় ২৬০ রান তুলেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। প্রথম পালায় ২৬০ রান তুলেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার পিটার সিডল করেছেন হ্যাট্রিক। তিনি ৬ উইকেট নিয়েছেন মাত্র ৫৪ রান খরচায়। এর আগে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ব্যাট করার সিদ্ধান্ত নেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২ উইকেটে ৮৬ রান সংগ্রহের পর পিটার সিডল অল্প সময়ের মধ্যে আরো দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। চাপের মুখে থাকা ইংল্যান্ড তখন অ্যালেস্টার কুকের অর্ধশত রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো। তবে সিডল ৬৫ ওভারের তৃতীয় বলে ৬৭ রানে সাজঘরে ফিরিয়ে দেন কুককে। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শূন্য রানেই আউট হন ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রড। দলের রানের খাতা খোলার আগেই বেন হিলফেনহজ প্রথম ওভারের তৃতীয় বলে আউট করেন অধিনায়ক স্ট্রাউসকে। ব্যক্তিগত ২৯ রানে (দলীয় ৪১) জনাথন ট্টটকে ফিরিয়ে দেন শেন ওয়াটসন। এরপর কেভিন পিটারসেন দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। ৬টি চারের সহায়তায় ৪৩ রান করার পর পিটার সিডলের বলে স্লিপে থাকা পন্টিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। পল কলিংউড চার মেরেই রানের খাতা খোলেন। কিন্তু পরের বলেই সেই সিডলই ফিরিয়ে দেন তাকে। তৃতীয় স্লিপে থাকা মার্কাস নর্থ যখন বলটিকে মুঠোবন্দী করেন তখন ইংল্যান্ডের সংগ্রহ ১২৫। ইয়ান বেল অবশ্য স্রোতের বিপরীতে কিছুক্ষণ লড়েছেন। শেষ পর্যন্ত ৭৬ রান করে তিনিও ধরেন সাজঘরের পথ। ২৬০ রানে ইংল্যান্ড অলআউট হয়ে যাওয়ার পর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ২২ বছরের ইতিহাসের পুনরাবৃত্তিরই হাতছানি দিচ্ছে। ১৯৮৮ সালের পর ব্রিসবেনে কোনো টেস্টে হারেনি দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এজে/এটি/১৩১৫ ঘ.