ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নাও দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে। বাঁ-হাতের আঙুল ভেঙে গেছে তার।
শোয়েব আখতারের বলে স্মিথ আঙুলে প্রথম ব্যথা পান দুবাইতে, পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের খেলায়। সেই আঙুল নিয়ে আরো দু'টি একদিনের ম্যাচ ও দু'টি টেস্ট খেলায় তা গুরুতর আকার নেয়।
আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় পালায় ব্যাট করতে নামেননি স্মিথ।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, চোট নিয়ে ব্যাট এবং ফিল্ডিং করায় সমস্যা আরো জটিল হয়েছে। এখন অস্ত্রোপচারেরও দরকার হতে পারে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে ১৬ ডিসেম্বর। অথচ স্মিথকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে ফিজিও মনে করছেন, চোট পুরোপুরি সারতে ছয় সপ্তাহ লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৪০ ঘ.
bdnews24